বন্যা থেকে ফসল রক্ষায় স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ
বগুড়ার ধুনটে বন্যার কবল থেকে মাঠের ফসল রক্ষা করতে বিভিন্ন স্থানে কৃষকেরা স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন। গত ২৮ আগস্ট রাতে বগুড়ার সারিয়াকান্দি রোহদহ এলাকায় যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে সারিয়াকান্দির সঙ্গে ধুনট উপজেলারও বিস্তীর্ণ এলাকার ফসলের খেত প্লাবিত হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ধুনট পৌরসভাসহ উপজেলার ১০টি ইউনিয়নে বন্যায় এ পর্যন্ত পাঁচ হাজার ৬৫ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। অনেক এলাকায় এখনো পানি প্রবেশ করতে পারেনি। এসব এলাকার কৃষকদের স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করে ফসল রক্ষা করার পরামার্শ দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা গেছে, বিভিন্ন এলাকার ফসলের মাঠ রক্ষা করতে লোকজন স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করছেন। এর মধ্যে এলাঙ্গী ইউনিয়নের হরিণগাড়ী খাল, তারাকান্দী ভেতরগাড়ী খাল, এলাঙ্গী ফকিরপাড়ার রাস্তার সেতু, রাঙামাটি দিদারপাড়া রাস্তার দুটি সেতু, শৈলমারী খাল, ধুনট পৌরসভা জিঞ্জিরতলা রাস্তা, কালেরপাড়া, রত্নিপাড়া রাস্তা ও নিমগাছি খালে বাঁধ নির্মাণ চলছে।
বগুড়া পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যালয় ও স্থানীয় সূত্র জানায়, যমুনার পানি ব্যাপকভাবে বেড়ে ২৮ আগস্ট রাতে আকস্মিকভাবে সারিয়াকান্দি উপজেলার রোহদহ এলাকায় বন্যানিয়ন্ত্রণ বাঁধের ৫০০ মিটার ভেঙে যায়। এই এলাকা দিয়ে পানি ঢুকে ধুনট উপজেলার চিকাশি, গোসাইবাড়ী, নিমগাছি, কালেরপাড়া, এলাঙ্গী, ভান্ডারবাড়ী, গোপাল নগর, ধুনট পৌরসভাসহ ১০টি ইউনিয়নের ১৪০টি গ্রাম প্লাবিত হয়। এতে লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়ে। বন্যাদুর্গত এলাকার মানুষ উঁচু রাস্তার পাশে খোলা জায়গায় আশ্রয় নিয়েছে।
ফকিরপাড়া গ্রামের কৃষক মকবুল হোসেন বলেন, ‘নতুন ফসলের আশায় ঘরের ধান বিক্রি করা হয়েছে। এখন যদি এসব ফসল পানিতে তলিয়ে যায় তাহলে পথে দাঁড়াতে হবে। তাই আমারা ঐক্যবদ্ধ হয়ে কয়েকটি খালের মুখে স্বেচ্ছাশ্রমে বাঁধ নির্মাণ করে ফসল বাঁচানোর শেষ চেষ্টা করছি।’
এ ব্যাপারে এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এম এ তারেক হেলাল বলেন, ‘আমার ইউনিয়নের দুই পাশ দিয়ে বাঙ্গালী ও হলহলিয়া নামের দুটি নদী বয়ে গেছে। বৃষ্টিতে মাঠে জমে থাকা পানিনিষ্কাশন করার জন্য নদীর দিকে খাল বের করা হয়েছে। এখন বন্যার পানি নদী থেকে এসব খাল দিয়ে মাঠের দিকে প্রবেশ করছে। এ অবস্থায় মানুষ বাঁচার তাগিদে সংগ্রাম করে স্বেচ্ছাশ্রমে খালে বাঁধ নির্মাণ করে ফসল রক্ষার চেষ্টা করছে।’