বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বাড়িঘর থেকে পানি নেমে না যাওয়ায় বানভাসী মানুষের দুর্ভোগ বেড়েছে। গতকাল শুক্রবার সকালে চৌহালী উপজেলা পরিষদের দ্বিতল প্রশাসনিক ভবনের একাংশ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
গত ২৪ ঘণ্টায় যমুনা নদীতে আট সেন্টিমিটার পানি কমে গতকাল বেলা ১১টার দিকে যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্টে বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
সিরাজগঞ্জ জেলা বন্যানিয়ন্ত্রণ সেল সূত্র থেকে জানা যায়, পানি কিছুতা কমলেও জেলা সদর, কাজীপুর, শাহজাদপুর, চৌহালী, তাড়াশ ও উল্লাপাড়া উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। শাহজাদপুর উপজেলায় যমুনা ও বড়াল নদীর পানি বৃদ্ধির ফলে কৈজুরি, জালালপুর, গালা ও সোনাতনি ইউনিয়নের ১০টি গ্রাম এখনো পানিবন্দী রয়েছে। তিন লক্ষাধিক গবাদিপশুসমৃদ্ধ এই উপজেলার বিস্তীর্ণ গোচারণ ভূমি তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে খামারিরা। চৌহালী উপজেলায় সোদিয়া চাঁদপুর, স্থল, খাস কাউলিয়া ও খাস পুকুরিয়া ইউনিয়নের নদীর তীরসংলগ্ন এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে।
জেলা প্রশাসক বিল্লাল হোসেন জানান, বন্যাকবলিত ছয়টি উপজেলার মধ্যে চারটিতে ত্রাণ বিতরণ করা হয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বন্যানিয়ন্ত্রণ সেল। পানি পুরোপুরি নেমে গেলে ফসলের ক্ষয়ক্ষতিসহ সার্বিক বিষয়ে ব্যবস্থা নেওয়া যাবে।