বন্যা পরিস্থিতি অপরিবর্তিত কাজ আর খাবারের সংকট
কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যাকবলিত এলাকায় কাজ ও খাবারের সংকট দেখা দিয়েছে। কোনো কোনো এলাকায় ইতিমধ্যে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ছে। এদিকে গাইবান্ধায় ও বগুড়ার ধুনট উপজেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম, জামালপুর, ধুনট (বগুড়া) ও পীরগাছা (রংপুর) প্রতিনিধির পাঠানো খবর:কুড়িগ্রাম: ঘরের ভেতরে প্রায় কোমরসমান পানি। খাট উঁচু করে বিছানা করা। তাতে জবুথবু অবস্থায় শুয়ে আছে অসুস্থ কিশোরী রহিমা বেগম। মা আছমা বেগম পাশে বসে আছেন। রহিমার বাবা হামিদ শেখ নিরাপদ আশ্রয়ের সন্ধানে বের হয়েছেন। পানি আরও বাড়লে বাড়ি ছেড়ে সেখানে আশ্রয় নিতে হবে। শুধু হামিদ শেখ নয়, কুড়িগ্রাম সদর উপজেলার খাসের চরে পানিবন্দী অনেক পরিবার এমন পরিস্থিতির মধ্যে পড়েছেন।উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের সদর, চিলমারী, উলিপুর, নাগেশ্বরী, রৌমারী ও রাজীবপুর উপজেলায় চরাঞ্চলের ৩৫টি ইউনিয়নের ৫৫ হাজার পরিবারের আড়াই থেকে তিন লাখ মানুষ পানিবন্দী রয়েছেন।গতকাল সদর উপজেলার বিভিন্ন চরের বন্যার্তদের সঙ্গে কথা বলে তাঁদের দুর্ভোগের কথা জানা যায়। আছমা বেগম বলেন, ‘থাকার জাগা নাই। মেয়ে অসুস্থ। আল্লাহর ওপর ভরসা কইরা পইরা আছি।’ বন্যার্তরা জানান, বন্যার কারণে কাজের সংকট তো আছেই, সেই সঙ্গে ঘরে ঘরে পানিবাহিত রোগ দেখা দিয়েছে। তাঁরা অভিযোগ করেন, ওই এলাকায় এখন পর্যন্ত সরকারি-বেসরকারি কোনো সাহায্যই পৌঁছেনি। হাবিল শেখ, রজব, আমিনুলসহ অনেকেই জানান, দেড় মাস থেকে পানি আসে আর যায়। এই অবস্থায় চাষাবাদ করা যাচ্ছে না, কাজের জন্য বাইরে যাওয়াও যাচ্ছে না। কাজ না থাকায় খাবারের সংকট দেখা দিয়েছে। এ পরিস্থিতি থেকে রক্ষা করতে সরকারের প্রতি দাবি জানান তাঁরা। সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আইয়ুব আলী জানান, ৫০০ মেট্রিক টন চালের বরাদ্দ পাওয়া গিয়েছিল। তা বিতরণ করা হয়েছে।উলিপুর উপজেলার মশালের চর, কাইজার চর, গুজিমারীর চর, সুখেরবাতী চর ঘুরে প্রায় একই পরিস্থিতি দেখা যায়। পানি উন্নয়ন বোর্ড জানায়, গতকাল ধরলা নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার এবং ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। উপ-বিভাগীয় প্রকৌশলী সবিবর রহমান জানান, পানি বিপৎসীমার নিচে না নামা পর্যন্ত বন্যা পরিস্থিতি সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। কুড়িগ্রামের ভারপ্রাপ্ত সিভিল সার্জন মোক্তার আলী জানান, বন্যাদুর্গত এলাকায় ৮৫টি মেডিকেল টিম কাজ করছে। কুড়িগ্রাম জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, বন্যার্তদের দুর্ভোগ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা ও সদর উপজেলার মোট ১৬টি ইউনিয়নে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ২০ হাজার পরিবার।গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, ঘাঘটের পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার, তিস্তার পানি ৫৮ সেন্টিমিটার, করতোয়া নদীর পানি চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। স্থানীয় লোকজন জানায়, পানি বাড়ার সঙ্গে সঙ্গে অনেক স্থানে নদীভাঙন দেখা দিয়েছে। গত এক সপ্তাহে সাঘাটা উপজেলার সদর, ঘুড়িদহ ও হলদিয়া ইউনিয়নের শতাধিক ঘরবাড়ি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সাঘাটা সদর ইউপি চেয়ারম্যান আবদুর রউফ জানান, ভাঙনের কারণে সাঘাটা বন্যা নিয়ন্ত্রণ বাঁধ হুমকির মুখে পড়েছে। গাইবান্ধা পাউবোর নির্বাহী প্রকৌশলী মীর মোশাররফ হোসেন বলেন, সাঘাটা উপজেলায় নদী ভাঙনরোধে ১৪০ কোটি টাকার একটি প্রকল্প প্রস্তাব সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। ধুনট (বগুড়া): বগুড়া পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, কয়েক দিন ধরে যমুনার পানি বাড়ছে। বন্যায় শহরাবাড়ী, চুনিয়াপাড়া, আটাচর ও বালিয়াহাটা গ্রামের প্রায় ৫০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। বন্যাদুর্গতরা শহরাবাড়ী স্পার ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধে আশ্রয় নিয়েছে। গোসাইবাড়ী ইউপি চেয়ারম্যান মঈনুল হাসান জানান, দুর্গতরা কোনো সাহায্য পায়নি। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।ধুনটের ইউএনও আবদুল্লাহ হারুন গতকাল বিকেলে জানান, বন্যাদুর্গতদের তালিকা করে জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।পীরগাছা (রংপুর): বন্যায় পীরগাছা উপজেলার রোপা আমন, বীজতলা, কলার বাগান, পাটখেত ও শাকসবজির ব্যাপক ক্ষতি হয়েছে। গত শুক্রবার উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব চর এলাকার বেড়িবাঁধ ভেঙে ছাওলা ও তাম্বুলপুুর ইউনিয়নের ১১টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দী হয়ে পড়ে ২০ হাজার মানুষ। ছাওলা ইউপি চেয়ারম্যান নাজির হোসেন জানান, চাষাবাদের ব্যাপক ক্ষতি হয়েছে। পীরগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহিদুল ইসলাম জানান, বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা করার নির্দেশ দেওয়া হয়েছে। জামালপুর: জামালপুরে ইসলামপুর উপজেলার চিনাডুলী, নোয়ারপাড়া, কুলকান্দি, সাপধরিসহ ছয়টি ইউনিয়নের কয়েক হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। পচাবহলা-উলিয়া, আমতলি-কদমতলী এবং গুঠাইল-মলমগঞ্জ সড়ক পানিতে ডুবে গেছে।ইসলামপুরের ইউএনও মুহাম্মদ মনিরুল ইসলাম জানান, যমুনা নদীর পানি বেড়ে ছয়টি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। তবে আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি হয়নি। বন্যার্তদের জন্য ত্রাণ চাওয়া হয়েছে।