বন্যা পরিস্থিতির অবনতি
টানা বর্ষণ ও উজান থেকে আসা ঢলের পানিতে নদ-নদী উপচে কুড়িগ্রাম ও সিলেটের বালাগঞ্জে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। দুর্ভোগ পোহাচ্ছে পানিবন্দী মানুষ। সিরাজগঞ্জে বন্যানিয়ন্ত্রণ বাঁধ ক্ষতিগ্রস্ত হয়ে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। মৌলভীবাজারের বিভিন্ন উপজেলা, কুমিল্লা শহর, জামালপুর, কিশোরগঞ্জের তাড়াইল, সুনামগঞ্জের তাহিরপুর ও গাজীপুরের শ্রীপুরে অনেক স্থান ডুবে গেছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:কুড়িগ্রাম: কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদের পানি বিপৎসীমার আট সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ধরলা, তিস্তা, দুধকুমোরসহ অন্যান্য নদীর পানি বিপৎসীমা ছুঁইছুঁই করছে। এতে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়নের নন্দদুলালের ভিটা, মোগলবাসা চর সিতাইঝার; নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নের নুনখাওয়া ও ভূরুঙ্গামারী উপজেলার পাইকেরছড়া গ্রামে নদীর ভাঙন শুরু হয়েছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক হাবিবুর রহমান জানান, সার্বিক পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।বালাগঞ্জ (সিলেট): সিলেটের বালাগঞ্জে মাত্র চার ঘণ্টার বৃষ্টিতে এক থেকে দেড় ফুট পানি বেড়েছে। গত সোমবার রাতে টানা ভারী বর্ষণে এই অবনতি ঘটে। ১৪টি ইউনিয়নের সব কয়টি গ্রামেই এখন বন্যার পানি। উপজেলা ত্রাণ ও দুর্যোগ শাখা সূত্রে জানা যায়, বালাগঞ্জে দুই লাখ মানুষ পানিবন্দী।সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের দুই কিলোমিটার উত্তরে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নিয়ন্ত্রণাধীন রানীগ্রাম-ভাটপিয়ারী বন্যানিয়ন্ত্রণ বিকল্প বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। যমুনা নদীর পানি বেড়ে প্রবল স্রোতে গতকাল সকালে ওই বাঁধের আনসার মোর নামক স্থানে নিচের বাঁ অংশ ধসে গেছে। যমুনার ভাঙনে চৌহালী উপজেলা পরিষদ ভবন এখন হুমকির সম্মুখীন।পাউবো ও এলাকাবাসী জানায়, এক সপ্তাহ ধরে যমুনায় বৃদ্ধি পাওয়া পানির চাপে ওই বাঁধ ও খোকসাবাড়ী-কুসাহাটা সড়কের সংযোগস্থলের প্রায় ১০ ফুট অংশ ভেঙে যায়। ওই অংশ দিয়ে প্রবল বেড়ে পানি ঢুকতে থাকায় বাঁধে ধস নেমেছে। সিরাজগঞ্জ পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী মো. শফিকুল ইসলাম বলেন, এর মধ্যে মেরামতের কাজ শুরু করা হয়েছে।গত রোববার থেকে চৌহালীতে ব্যাপক ভাঙন শুরু হয়েছে। সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম বলেন, চৌহালীতে ভাঙন রোধে ব্যবস্থা নিতে পানিসম্পদ মন্ত্রণালয়ে এবং ভাঙনের মুখে থাকা অবকাঠামোগুলো নিলামে বিক্রয়ের সিদ্ধান্তসহ প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে জরুরি চিঠি পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।মৌলভীবাজার, জুড়ী ও কমলগঞ্জ: মৌলভীবাজার শহরের বিভিন্ন এলাকার তিন শতাধিক বাড়িতে পানি ঢুকেছে। রাস্তা ডুবে যাওয়ায় অনেক পরিবার এখন পানিবন্দী। পৌরসভার মেয়র ফয়জুল করিম ময়ূন বলেন, ‘এই পানি বেরিয়ে যেতে সময় লাগবে।’ বড়লেখায় নিজ বাহাদুরপুর ও উত্তর শাহবাজপুর ইউনিয়নের ১২টি গ্রামের বিভিন্ন স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। কমলগঞ্জ উপজেলায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধে ক্ষতিগ্রস্ত একটি নতুন ও ছয়টি পুরোনো অংশ দিয়ে পানি ঢুতে বন্যা দেখা দিয়েছে। এতে উপজেলার সাতটি ইউনিয়নের ৪০টি গ্রামের ৩০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।তাড়াইল (কিশোরগঞ্জ): তাড়াইলে নদ-নদীর পানি দুই থেকে আড়াই ফুট বেড়েছে। উপজেলার তিন শতাধিক মৎস্যজীবী পুকুরের মাছ নিয়ে উদ্বিগ্ন। সেকান্দরনগর গ্রামের বাসিন্দা মৎস্যচাষি সৈয়দ এরশান মিয়া বলেন, ‘পানি বাড়ায় আমার পুকুর তলিয়ে লক্ষাধিক টাকার মাছ হাওরের পানিতে ভেসে গেছে।’শ্রীপুর (গাজীপুর): শ্রীপুরের মাওনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক টানা বৃষ্টির পানিতে তলিয়ে যাওয়ায় গতকাল সকাল নয়টা থেকে দীর্ঘ যানজট লেগে আছে। থেমে থেমে যানজট এক থেকে দেড় ঘণ্টা পর্যন্ত স্থায়ী হচ্ছে। মাওনা চৌরাস্তা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) খায়রুজ্জামান জানান, মহাসড়ক তলিয়ে যাওয়ায় দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে। তাহিরপুর (সুনামগঞ্জ): সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নিচু ঘরবাড়িতে পানি ঢুকতে শুরু করেছে। এর মধ্যে চারটি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকেছে। তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও আনোয়ারপুর বাজার প্লাবিত হয়েছে। হাওরপারের গ্রামগুলোতে দেখা দিয়েছে ভাঙন। ইউএনও মাহমুদুর রহমান বলেন, পানি বাড়লে পরিস্থিতির অবনতি হবে।কুমিল্লা: কুমিল্লা শহরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। আবহাওয়া অফিস জানায়, গতকাল সেখানে ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এতে শহরের সব নালা উপচে সড়ক ও ঘরবাড়িতে পানি ঢুকে পড়ে। কুমিল্লা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শেখ মো. নুরুল্লাহ বলেন, রাস্তাঘাটে বিভিন্ন নির্মাণসামগ্রী ফেলে রাখায় পানি সরে যেতে পারছে না।জামালপুর: যমুনার পানি বিপৎসীমার কাছ দিয়ে বইছে। জেলার ইসলামপুর ও দেওয়ানগঞ্জ উপজেলার আটটি ইউনিয়নে বন্যা দেখা দিয়েছে। এসব ইউনিয়নের কমপক্ষে দুই হাজার পরিবার বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। ইসলামপুরের ইউএনও মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, সহায়তা চেয়ে ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।