বন্যা পরিস্থিতির অবনতি দুর্ভোগে লাখো মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারী বর্ষণ ও উজানের পানির ঢলে নদ-নদীর পানি বেড়ে যাওয়ায় দেশের কয়েকটি স্থানে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি, বসতবাড়ি ও রাস্তাঘাট। কয়েকটি ইউনিয়নে স্কুলে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে শিক্ষা কার্যক্রম। দেখা দিয়েছে খাদ্য ও পানিসংকট। কিন্তু গতকাল শুক্রবার পর্যন্ত চারটি জেলায় বন্যাদুর্গত মানুষের জন্য নতুন করে কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি।

প্রথম আলোর প্রতিনিধিরা জানিয়েছেন বিস্তারিত:

জামালপুর: যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় জামালপুরের ছয়টি উপজেলার ৩৭টি ইউনিয়ন এখন বন্যার কবলে। পানি বেড়ে গিয়ে বিপৎসীমার সর্বনিম্ন ৪৩ থেকে সর্বোচ্চ ৫৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। উপজেলাগুলো হলো সরিষাবাড়ী, মাদারগঞ্জ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, মেলান্দহ ও বকশীগঞ্জ। এখানকার দেড় লক্ষাধিক মানুষ বন্যানিয়ন্ত্রণ বাঁধ, উঁচু রাস্তার ওপর খোলা আকাশের নিচে এবং অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছে। এসব এলাকায় গতকাল সন্ধ্যা পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি।

তবে গতকাল বিকেলে জামালপুরের জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান প্রথম আলোকে বলেন, বন্যাদুর্গত মানুষের সাহায্যের জন্য ৭৭ মেট্রিক টন চাল ও দুই লাখ টাকা বরাদ্দ করা হয়েছে।

সরিষাবাড়ীর পাঁচটি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতির কারণে এখানকার রোপা আমনের প্রায় ১ হাজার ৫০০ হেক্টর জমি তলিয়ে গেছে বলে উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে। আর ১৬টি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে পানি ঢোকায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে গেছে।

সরিষাবাড়ীর গাছ বয়ড়া গ্রামের ভ্যানচালক ওসমান গণি প্রথম আলোকে বলেন, ‘পরিবার–পরিজন নিয়ে অন্যের বাড়িতে আশ্রয় নিছি। কেউ কোনো সাহায্য দিতে আসেনি।’

 মাদারগঞ্জ পৌরসভাসহ সাতটি ইউনিয়নে রোপা আমন, আউশ ধান, শাকসবজিসহ মোট শত হেক্টর জমি বন্যায় তলিয়ে গেছে। আজ শনিবার পানি না কমলে ৯৫ ভাগ ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

সিরাজগঞ্জ: যমুনা নদীর তীরবর্তী সিরাজগঞ্জ জেলা সদরসহ শাহজাদপুর, বেলকুচি, কাজীপুর ও চৌহালী উপজেলার ৩৫টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সেখানেও গতকাল পর্যন্ত কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি। সিরাজগঞ্জের জেলা প্রশাসক বিল্লাল হোসেন প্রথম আলোকে বলেন, বন্যাদুর্গতদের জন্য নতুন করে দুই লাখ টাকা ও ৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। যেকোনো মুহূর্তে এগুলো বিতরণ শুরু করা হবে।

গাইবান্ধা: ব্রহ্মপুত্র ও ঘাঘট নদের পানি বেড়ে এ জেলার সাতটি উপজেলার ৭৯টি ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এর মধ্যে ছয়টি ইউনিয়ন নতুন করে প্লাবিত হয়েছে। এতে আড়াই লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। গতকাল জেলা প্রশাসনের উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, ব্যক্তিগত উদ্যোগে নাকাইহাট ও হরিরামপুর ইউনিয়নে বন্যাদুর্গত মানুষের মাঝে দেড় মেট্রিক টন চাল ও ৫০ হাজার টাকা বিতরণ করেছেন গাইবান্ধা-৪ আসনের সাংসদ আবুল কালাম আজাদ।

 কুড়িগ্রাম: বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় এ জেলার ৯ উপজেলার ৬৬ ইউনিয়নের প্রায় ৫ লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মাহফুজুর রহমান জানায়, এসব এলাকায় বিপৎসীমার ৩০ থেকে ৪৫ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। কুড়িগ্রামের জেলা প্রশাসক খান নুরুল আমিন জানান, বন্যাদুর্গতের জন্য নতুন করে ১০ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ চেয়ে কর্তৃপক্ষ বরাবর বার্তা পাঠানো হয়েছে।

বগুড়া: যমুনা ও ইছামতী নদীর পানি বেড়ে বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়নে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এ এলাকায় বিপৎসীমার ৭০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ইউনিয়নের ১২ গ্রামের প্রায় তিন হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। এ ছাড়া বৈশাখী ও রাধানগর, শহরাবাড়ী, কৈয়াগাড়ীসহ চারটি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে বন্যার পানি ঢোকায় শিক্ষার্থীদের পাঠদান বন্ধ হয়ে গেছে। গতকাল এসব এলাকায় কোনো ত্রাণসামগ্রী পৌঁছায়নি।