বন্যা পরিস্থিতির আরও অবনতি
পদ্মা নদীতে পানি বাড়ায় ফরিদপুর, রাজবাড়ী ও সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বাড়ার সঙ্গে সঙ্গে ফরিদপুর ও রাজবাড়ীর বিভিন্ন স্থানে ভাঙনে বসতঘর ও ফসলি জমি নদীতে চলে যাচ্ছে। আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:ফরিদপুর: গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি গত ২৪ ঘণ্টায় আরও বেড়ে বিপত্সীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। পানি বাড়ায় ফরিদপুর সদরের ডিক্রিরচর ইউনিয়নের আরও নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে। ইউনিয়নের দুই হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের হাজীডাঙ্গি, শেকেরডাঙ্গি ও গাজীরটেক ইউনিয়নের জয়দেব সরকারের ডাঙ্গি, চর হোসেনপুরসহ সাইনবোর্ড এলাকায় পদ্মা নদীর ভাঙন অব্যাহত রয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী): রাজবাড়ী জেলায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। জেলা সদরের মিজানপুর, বরাট ও খানগঞ্জ ইউনিয়নের সাতটি গ্রাম; গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম, দৌলতদিয়া ও উজানচর ইউনিয়নের ছয়টি গ্রাম; পাংশা উপজেলার বাহাদুরপুর ও হাবাসপুর ইউনিয়নের চারটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। সিরাজগঞ্জ: গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর শহররক্ষা বাঁধের কাছে চার সেন্টিমিটার পানি কমে বিপত্সীমার ১১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার শাহজাদপুর উপজেলার পোতজিয়া, গাড়াদহ, রূপবাটি ও কায়েমপুর ইউনিয়নের গ্রামে পানি ঢুকে পড়ায় গবাদিপশু নিয়ে খামারিরা দুর্ভোগ পোহাচ্ছে।শিবচর (মাদারীপুর): আড়িয়ালখাঁ নদে পানি বাড়ায় ভাঙন অব্যাহত রয়েছে। গত তিন দিনে ভাঙনে শিবচর-বহেরাতলা আঞ্চলিক সড়কের সেনেরবাট এলাকার ৫০ গজ বিলীন হয়ে গেছে। একই সময়ে শিরুয়াইল ইউনিয়নের পূর্ব কাকৈর, বহেরাতলার সেনেরবাট, মহাসড়কের হাজী শরীয়ত উল্লাহ সেতুসংলগ্ন সন্ন্যাসীর ইউনিয়নের খাসচর, বাঁচামারা, গুপ্তেরকান্দি, পশ্চিম সন্ন্যাসীর চরের অনেক বসতঘরসহ দুই শতাধিক বিঘা ফসলি জমি নদীতে বিলীন হয়ে গেছে।