বন্যা-পরিস্থিতির আরও উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম, সিরাজগঞ্জ ও ফরিদপুরে বন্যা-পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। এসব জেলার অধিকাংশ নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে লালমনিরহাটে নদীভাঙন তীব্র আকার ধারণ করেছে।ঢাকার বাইরে থেকে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: লালমনিরহাট: ধরলা নদীর ভাঙন আরও তীব্র আকার ধারণ করেছে। গত শনিবার জেলার ব্যাপারীটারী গ্রামে গিয়ে দেখা যায়, নদীভাঙনের শিকার পরিবারগুলো অন্যের জমিতে ঘর তুলে কোনো রকমে মাথা গোঁজার চেষ্টা করছে। গত সাত দিনে ধরলার ভাঙনে এ গ্রামের বেশ কিছু পরিবার গৃহহীন হয়ে পড়েছে। গত ১ মাসে ধরলা নদীর ভাঙনে মোগলহাট ইউনিয়নের ব্যাপারীটারী, মাছুয়াটারী ও নগতটারীর গ্রামের ৩১৫টি পরিবার ভিটেমাটি ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। ধরলার ভাঙনে মোগলহাট ইউনিয়নের তিনটি মসজিদ, একটি মাদ্রাসা, দোকানপাট ও বেশ কয়েক একর আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। মোগলহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান জানান, নদীভাঙনের কথা জেলা ও উপজেলা প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে জানানো হয়েছে।কুড়িগ্রাম: জেলায় সার্বিক বন্যা-পরিস্থিতির আরও উন্নতি হয়েছে। তবে ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা, দুধকুমার নদীর ভাঙন বেড়েছে। পানি উন্নয়ন বোর্ডের কুড়িগ্রাম কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী রেজাউল মোস্তফা আশাফুদদৌলা গতকাল বিকেলে জানান, গতকাল রোববার ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে ১৬ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুড়িগ্রাম ফেরিঘাট পয়েন্টে ধরলার পানি ২০ সেন্টিমিটার, দুধকুমার নদীর পানি নুনখাওয়া পয়েন্টে ২০ সেন্টিমিটার ও তিস্তা নদীর পানি আট সেন্টিমিটার হ্রাস পেয়েছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে তীব্র হয়েছে নদীভাঙন।ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা হামিদুল হক জানান, চলতি মাসে দুধকুমার নদীর ভাঙনে এ উপজেলার ৪৩০টি পরিবার ভিটেমাটি হারিয়ে নিঃস্ব হয়েছে।সিরাজগঞ্জ: গতকাল ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জে যমুনা নদীর পানি ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার ১৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার করতোয়া, বড়াল, হুড়াসাগর, ফুলঝোর, গোহালা নদীর পানি কমতে শুরু করেছে। তবে পানি কমার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ছে পানিবাহিত রোগ।সদরের খোকসাবাড়ী ও ছেনগাছা ইউনিয়নের বাঁধের ভেতরের পাঁচটি গ্রামে চোখ ওঠা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। রোগীদের হাসপাতাল থেকে ওষুধ সরবরাহ করা হচ্ছে না বলে অভিযোগ উঠেছে।ফরিদপুর: পদ্মা নদীর পানি কমতে শুরু করায় ফরিদপুরের সার্বিক বন্যা-পরিস্থিতির উন্নতি হয়েছে। গতকাল ভোর ছয়টা পর্যন্ত ২৪ ঘণ্টায় গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি আরও সাত সেন্টিমিটার কমলেও বর্তমানে বিপৎসীমার ৪৮ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।ফরিদপুরের প্রাথমিক বিদ্যালয়গুলোতে আজ সোমবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা। তবে বন্যা-উপদ্রুত তিনটি উপজেলা ফরিদপুর সদর, চরভদ্রাসন ও সদরপুরে এই পরীক্ষা স্থগিত করা হয়েছে। অন্য ছয়টি উপজেলায় পরীক্ষা যথারীতি অনুষ্ঠিত হবে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রথম আলোকে জানান, এই তিনটি উপজেলার সরকারি ও বেসরকারি ৩২৬টি প্রাথমিক বিদ্যালয়ের ৫৯টি বন্যার পানিতে নিমজ্জিত হয়েছে। এ ছাড়া সদরপুর উপজেলার দিয়ারা নাড়কেলবাড়িয়া ইউনিয়নের একটি কমিউনিটি বিদ্যালয় নদীগর্ভে বিলীন হয়ে গেছে।