বন্যা পরিস্থিতির উন্নতি, মানুষ ত্রাণসংকটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কয়েক দিনের টানা ভারী বর্ষণ, সঙ্গে পাহাড়ি ঢলে বিভিন্ন স্থানে সৃষ্ট বন্যার গতকাল মঙ্গলবার কিছুটা উন্নতি হয়েছে। তবে দুর্ভোগ কমেনি পানিবন্দী লাখ লাখ মানুষের। তাদের খাবার ও পানির সংকট রয়েছে আগের মতোই। কোথাও কোথাও ত্রাণের নামে ছিটেফোঁটা সাহায্য দেওয়া হলেও তা উল্লেখ না করার মতোই।
এদিকে বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়ক নদীভাঙনের কবলে পড়ায় ভোলা-লক্ষ্মীপুর নৌপথে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। টানা বৃষ্টিতে মংলা বন্দরে পণ্য বোঝাই-খালাস কার্যক্রমও হচ্ছে ব্যাহত।
কক্সবাজার: বৃষ্টি কম হওয়ায় গতকাল বিকেল থেকে বন্যার পানি নামতে শুরু করেছে। কিন্তু ত্রাণের সংকটে বানভাসি লাখো মানুষের দুর্ভোগ বাড়ছে। জেলায় পানিবন্দী মানুষের সংখ্যা অন্তত তিন লাখ। বিভিন্ন ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে হাজার হাজার গৃহহীন মানুষ অনেকটা না খেয়েই সময় পার করছে।
সকালে রামু সদরের কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, ত্রাণের জন্য মানুষ ছোটাছুটি করছে। কিছু জনপ্রতিনিধি পকেটের টাকায় বন্যাদুর্গতদের মধ্যে শুকনা খাবার দিচ্ছেন। পশ্চিম চাকমারকুল প্রাথমিক বিদ্যালয় আশ্রয়কেন্দ্রের কয়েকজন বললেন, গত রোববার থেকে এ কেন্দ্রের আড়াই শ নারী-শিশু অনাহারে আছে। কেউ খবর নিচ্ছে না। শুধু এ উপজেলাতেই এক লক্ষাধিক মানুষ পানিবন্দী। নলকূপ নিমজ্জিত হওয়ায় খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। উখিয়া ও কুতুবদিয়া উপজেলায়ও চলছে খাবার ও পানীয় জলের তীব্র সংকট।
টেকনাফে বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কমপক্ষে ৫০০ একর সবজিখেত ও আমন ধানের বীজতলা তলিয়ে গেছে। এ ছাড়া পানিতে ডুবে থাকায় রামু-নাইক্ষ্যংছড়ি সড়ক, রামু-মরিচ্যা আরাকান সড়ক ও কক্সবাজার-টেকনাফ সড়কে গতকাল সন্ধ্যা পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
ভোলা: সদর উপজেলার চডারমাথা থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত বরিশাল-ভোলা-চট্টগ্রাম মহাসড়কের এক কিলোমিটার অংশ মেঘনায় বিলীন হওয়ায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ভোলা-লক্ষ্মীপুর নৌপথে ফেরি চলাচল। চডারমাথা এলাকায় ভাঙন গতকালও চলছিল। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান মোজাম্মেল হক বিকেলে ইলিশা ফেরিঘাট এলাকা পরিদর্শন করেন। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী আবদুল হেকীম বলেন, ভাঙন ঠেকাতে বালুভর্তি বস্তা ডাম্পিংয়ের কাজ চলছে।
এদিকে গত রোববার ভোলার দৌলতখানে মেঘনায় বৈরী আবহাওয়ায় ডুবে যাওয়া জেলে আজাদের (৩৫) লাশ গতকাল উপজেলার গুপ্তগঞ্জে পাওয়া গেছে।
সাতকানিয়া (চট্টগ্রাম): বৃষ্টি কমে আসায় উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে অনেক এলাকা এখনো ডুবে থাকায় তিন দিন ধরে পাঠদান বন্ধ রয়েছে ৮০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে। নলকূপ তলিয়ে বিভিন্ন এলাকায় সংকট দেখা দিয়েছে বিশুদ্ধ পানির। উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুল মালেক জানান, অন্তত ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পানি ঢুকেছে।
বান্দরবান: জেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও বিভিন্ন আশ্রয়কেন্দ্রে থাকা বন্যার্ত লোকজন বাসাবাড়িতে ফিরে যেতে পারছে না। জেলা শহরের বিভিন্ন আশ্রয়কেন্দ্র ঘুরে দেখা গেছে, খাবারের খুব বেশি সংকট না হলেও পানীয় জলের তীব্র সংকটে ভুগছে দুর্গতরা। এ ছাড়া আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত প্রাথমিক বিদ্যালয়ের এক একটি শ্রেণিকক্ষে ১০-১২টি পরিবার গাদাগাদি করে থাকায় অত্যন্ত মানবেতর অবস্থায় দিন যাপন করছে তারা। বেশ কয়েকটি কেন্দ্রে আশ্রয় গ্রহণকারী মানুষ বলেছেন, সামান্য কিছু চাল, চিড়া, গুড় ছাড়া তেমন কোনো ত্রাণ পাননি তাঁরা।
বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ইউছুফ বলেন, নোয়াপাড়া এলাকায় বান্দরবান-চিম্বুক-থানচি ও রুমা সড়কের প্রায় ৩০০ মিটার ধসে পড়েছে। এ ছাড়া বান্দরবান-রাঙামাটি সড়কে গতকাল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ ছিল।
নোয়াখালী: তেমন বৃষ্টিপাত না হওয়ায় গতকাল নোয়াখালীর বন্যা ও জলাবদ্ধতা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো জেলা শহর ও বিভিন্ন উপজেলার অনেক এলাকা রয়েছে পানির নিচে। এতে জনসাধারণের দুর্ভোগ অব্যাহত রয়েছে। সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ান বলেন, জেলা প্রশাসন থেকে যে ত্রাণ বরাদ্দ দেওয়া হয়েছে, তা অপ্রতুল। তিনি প্রাথমিকভাবে ১০০ মেট্রিক টন চাল বরাদ্দ চেয়েছিলেন। দেওয়া হয়েছে পাঁচ মেট্রিক টন চাল ও ১০ হাজার টাকা।
ফেনী: ফুলগাজীতে বন্যার কিছুটা উন্নতি হয়েছে। তবে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার। এ দুই উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। গতকাল সাংসদ নিজাম উদ্দিন হাজারী শর্শদি ইউনিয়নে এক হাজার পরিবারের মধ্যে চাল, চিড়া, মুড়ি, চিনি বিতরণ করেন।
চাঁদপুর: টানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ চাঁদপুর সেচ প্রকল্পের (সিআইপি) বেড়িবাঁধের ভেতরে। এতে কয়েক শ একর জমির বীজতলাসহ পাট, আখ ও অন্যান্য ফসলি খেত ক্ষতিগ্রস্ত হয়েছে। ডাকাতিয়া নদীর পাড় লাগোয়া ঘেরগুলোর মাছ ভেসে যাচ্ছে।
চাঁদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) মোহাম্মদ শওকত আলী বলেন, ‘পানি সরাতে দিন-রাত আমরা চারটি পাম্প চালু রেখেছি। তবে অতিবৃষ্টি ও বাঁধের ভেতরের খালগুলো অবৈধভাবে ভরাট হওয়ার কারণে পানি নামতে দেরি হচ্ছে।
মংলা (বাগেরহাট): গত কয়েক দিনের টানা বৃষ্টিতে মংলা সমুদ্রবন্দরে জাহাজে পণ্য বোঝাই-খালাস কার্যক্রম ব্যাহত হচ্ছে। গতকাল দুপুর পর্যন্ত বন্দরের পশুর চ্যানেল, হাড়বাড়িয়া ও বহির্নোঙরে চারটি জাহাজের পণ্য খালাস বন্ধ ছিল। উত্তাল রয়েছে সাগর ও উপকূলীয় নদ-নদীগুলো।
ভারী বর্ষণে মংলা শহরের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। অধিকাংশ এলাকার রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় দুর্ভোগ চরমে পৌঁছেছে। কোনো কোনো এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
{প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার; নোয়াখালী ও ফেনী অফিস; বান্দরবান, ভোলা, চাঁদপুর, সাতকানিয়া (চট্টগ্রাম), টেকনাফ, চকরিয়া (কক্সবাজার) ও মংলা (বাগেরহাট) প্রতিনিধি}