বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্ভোগ কমেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও দুর্গত মানুষের দুর্ভোগ কমেনি। জেলার চরগুলো এখনো পানিতে ডুবে রয়েছে। ঘরে পানি ঢোকায় এখনো উঁচু চৌকিতে বাস করতে হচ্ছে অনেককে। পর্যাপ্ত ত্রাণের অভাবে মারাত্মক দুর্ভোগ পোহাচ্ছে চরাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠী।
গত রোববার সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের খাসের চরে গিয়ে কথা হয় জহর মুন্সির (৮০) সঙ্গে। তিনি বলেন, ‘মোর ছাওয়া-পাওয়া নাই। সেকেন্দার মুন্সি জাগা দিছে সেটে ছাপরা তুলি বুড়াবুড়ি থাকি। বয়স্ক ভাতা যা পাই, তাই দিয়া ১৫ দিনও চলে না। গ্রামের মানসের সাহায্যে চলি। বানের সময় সবার সমস্যা, কার কাছে যে সাহায্য চাই।’ তাঁর স্ত্রী সকিনা বেগম (৬৫) বলেন, ‘বয়স্ক ভাতা পাই বলে মেম্বার হামার নাম লিস্টত দেয় নাই। কেমন করি বাঁচ বাহে। তিন মাসে ১২০০ ট্যাকা পাই। তাই দিয়া কি চলে?’ কিছুদূর গিয়ে দেখা যায়, যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আনোয়ার হোসেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের মধ্যে চাল বিতরণ করছেন। জহুর মুন্সিকে চাল দেওয়া হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, বয়স্ক ভাতা পান বলে তাঁকে ত্রাণের চাল দেওয়া হয়নি।
পার্শ্ববর্তী ভারতের আসাম সীমান্তসংলগ্ন চর রলাকাটায় গিয়ে কথা হয় হনুফা বেওয়ার সঙ্গে। তিনি বলেন, ‘বানের মধ্যে খুব কষ্টে আছি। এখন পর্যন্ত কোনো সাহায্য পাই নাই। শ্যাষ রাইতে পানি দেওয়া ভাত খায়া রোজা আছি।’
ব্রহ্মপুত্র নদ পাড়ি দিয়ে উত্তরে দেবারির খোলা চরে গিয়ে দেখা গেছে ফৈজন বেওয়া নামের এক নারী তাঁর এক ছেলে ও এক মেয়েকে নিয়ে মাচার ওপর বাস করছেন। ফৈজন বেওয়া বলেন, ‘কেউ খোঁজ নেয় নাই। গরিব মানুষ ছাওয়া দুইটাক নিয়া খুব কষ্টে আছি।’ তিনি জানান, পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে এলাকায় ব্যাপক ভাঙন দেখা দিয়েছে। প্রবল স্রোতে বসতভিটা ও ফসলি জমি ভেঙে যাচ্ছে। অনেকে বসতবাড়ি অন্যত্র সরিয়ে নিতে বাধ্য হচ্ছেন।
স্থানীয় ইউপি সদস্য সাইফুর রহমান বলেন, ‘দুই দিন আগে আমার বসতভিটা ভেঙে গেছে। এখনো ঘর তুলতে পারি নাই।’ তিনি আরও বলেন, তাঁর এলাকায় বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ব্যক্তির সংখ্যা ১২৫ জন। কিন্তু তিনি মাত্র ৫২ জনের জন্য ত্রাণের চাল পেয়েছেন। এখন কাকে রেখে কাকে ওই চাল দেবেন, তা নিয়ে বিপাকে পড়েছেন তিনি।
যাত্রাপুর ইউপির চেয়ারম্যান গফুর আলী বলেন, বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা যাত্রাপুর। এখানে বন্যা ও নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের সংখ্যা তিন হাজার। এর মধ্যে মাত্র ৪০০টি পরিবারের জন্য ত্রাণের চাল পেয়েছেন তিনি।
এ ব্যাপারে কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজার রহমান বলেন, চাহিদার তুলনায় বরাদ্দ কম। তবে আরও বরাদ্দ চাওয়া হয়েছে। পেলে দ্রুত বণ্টন করা হবে।