বন্যা-বৃষ্টিতে বেহাল সড়ক, ঈদযাত্রায় দুর্ভোগের শঙ্কা
ঈদে ঘরমুখী মানুষের যাত্রা শুরু হয়ে গেছে। শুরু হয়েছে কোরবানির পশুবাহী যানের ঢাকামুখী স্রোতও। তবে সাম্প্রতিক বন্যা ও অতিবৃষ্টির কারণে ৭ জেলায় প্রায় পৌনে ৮০০ কিলোমিটার জাতীয় ও আঞ্চলিক মহাসড়ক এবং জেলা সড়কের অবস্থা নাজুক হয়ে পড়েছে। ফলে ঘরমুখী মানুষ ও ঢাকামুখী পশুবাহী যানের বিপরীত যাত্রার চাপ এবং ভাঙা সড়কের কারণে ঈদযাত্রায় ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
এ ছাড়া দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে সব ফেরিঘাট সচল না থাকা ঘরমুখী মানুষকে ভোগান্তিতে ফেলছে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র বলেছে, গত ২৯ আগস্ট সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সাতটি জেলার সড়কের ক্ষয়ক্ষতি-সংক্রান্ত প্রতিবেদন দেয় মন্ত্রণালয়ে। এই জেলাগুলো হচ্ছে মানিকগঞ্জ, রাজবাড়ী, সিরাজগঞ্জ, ফরিদপুর, টাঙ্গাইল, জামালপুর, কুড়িগ্রাম। এসব জেলার ভেতর দিয়ে যাওয়া জাতীয় মহাসড়ক ধরে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৩০টির মতো জেলার যানবাহন চলাচল করে। এর মধ্যে সিরাজগঞ্জ, কুড়িগ্রাম ও মানিকগঞ্জের সড়ক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সওজের মাঠপর্যায়ের কর্মকর্তাদের প্রতিবেদনে উঠে এসেছে।
সওজের সর্বশেষ তথ্য অনুসারে, সিরাজগঞ্জের ৮৮ শতাংশ সড়কই বেহাল। কুড়িগ্রামের ৫৯ শতাংশ সড়ক এখনো পুরোপুরি ব্যবহারের উপযোগী হয়নি। এই জেলার ১৪০ কিলোমিটার সড়কের কোনো-না-কোনো অংশ বন্যার পানিতে দীর্ঘদিন ডুবে ছিল। কয়েকটি সেতু-কালভার্ট ভেসে গেছে। মানিকগঞ্জে ভাঙাচোরা রাস্তা ৩৯ শতাংশ।
জানতে চাইলে সড়ক বিভাগের সচিব এম এ এন সিদ্দিক প্রথম আলোকে বলেন, ঈদে জাতীয় মহাসড়কগুলোর ওপরই বেশি চাপ পড়বে। বন্যায় মহাসড়কের বড় ক্ষতি হয়নি। এরপরও সব সড়ক চালু রাখার জন্য প্রতিদিনই বিভাগীয় মেরামত চলছে। ঈদযাত্রা নির্বিঘ্ন হবে আশা করে তিনি বলেন, সব জেলা থেকে সড়কের চিত্র এলে অর্থ মন্ত্রণালয়ে বাড়তি বরাদ্দের আবেদন করা হবে। এরপর স্থায়ী মেরামতের কাজ করা হবে।
সওজের কর্মকর্তারা বলেন, বর্ষার কারণে সারা দেশের সড়কই ক্ষতিগ্রস্ত হয়েছে। সব জেলার তথ্য এখনো আসেনি। ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক চার লেনে উন্নীত করে সম্প্রতি চালু করা হয়েছে। ফলে এই দুই পথের যাত্রীরা ভাঙাচোরা সড়কের ভোগান্তি থেকে মুক্ত।
সওজের আওতাধীন গুরুত্বপূর্ণ মহাসড়ক ও সড়কের অবস্থা প্রতিবছরই সমীক্ষা করে সংস্থাটির মহাসড়ক ব্যবস্থাপনা বিভাগ (এইচডিএম)। গত মার্চে প্রকাশিত এইচডিএমের সর্বশেষ সমীক্ষায় দেখা গেছে, দেশের ৩ হাজার ৭৫৯ কিলোমিটার জাতীয় মহাসড়কের ৭১ দশমিক ৩১ শতাংশ ভালো ও চলনসই। বাকি প্রায় ২৯ শতাংশ মহাসড়ক খারাপ ও বেহাল। জাতীয় মহাসড়কের বাইরে সওজের অধীন পিচঢালা আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়ক আছে প্রায় সাড়ে ১৫ হাজার কিলোমিটার। জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়ক—এই তিন শ্রেণির সড়কের মধ্যে ভালো ও চলনসই ৫৬ দশমিক ৯৩ শতাংশ। বাকি ৪৩ দশমিক ০৭ শতাংশ সড়ক খারাপ, বেহাল ও খুব বেহাল। সওজের কর্মকর্তারা বলছেন, এই সমীক্ষা তৈরি করা হয়েছে গত বছরের শেষের দিকের তথ্যের ওপর ভিত্তি করে। এরপর তিন মাস বর্ষা গেছে। অনেক জেলা প্লাবিত হয়েছে বন্যায়। ফলে ভালো সড়কগুলোও এর মধ্যে কিছুটা ভেঙে গেছে।
সওজের সর্বশেষ প্রতিবেদন অনুসারে, ওই ৭ জেলার ক্ষতিগ্রস্ত সড়ক ৭৭৬ কিলোমিটার। এর মধ্যে ঢাকা থেকে উত্তরবঙ্গমুখী সব কটি জাতীয় মহাসড়কেরও কিছু কিছু অংশ রয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর বাইরে কালভার্ট-সেতু ও সেতুর মুখের সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এসব ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ১২০ কোটি টাকার চাহিদা দিয়েছে সওজের বিভাগীয় কার্যালয়গুলো। ঈদ সামনে রেখে সাময়িক মেরামত অব্যাহত আছে। তবে এই মেরামত টেকসই হবে না এবং এর মধ্যে ভারী বৃষ্টি হলে ধুয়ে যাবে বলে মনে করছেন কর্মকর্তারা।
সওজের তথ্যভান্ডার থেকে জানা গেছে, সংস্থাটির অধীনে সারা দেশে সড়ক আছে প্রায় ২১ হাজার কিলোমিটার। এর মধ্যে জাতীয় মহাসড়ক ৩ হাজার কিলোমিটার। বাকিটা আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়ক। চলতি অর্থবছরে এসব সড়ক ও সেতু মেরামত এবং রক্ষণাবেক্ষণ বাবদ প্রায় ১ হাজার ৪০০ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর বাইরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অধীন প্রচুর গ্রামীণ সড়ক রয়েছে। তবে এগুলোতে অযান্ত্রিক ও স্থানীয় যানবাহনই বেশি চলে। অনেক সড়ক কাঁচা।
সওজের বিভিন্ন বিভাগ থেকে পাঠানো তথ্যে জানা গেছে, জাতীয় মহাসড়কের মধ্যে উত্তরবঙ্গের পথের হাটিকুমরুল-বনপাড়া সড়কের সিরাজগঞ্জ অংশে ১৬ কিলোমিটারে ভাঙাচোরা। বেশ কিছু স্থানে উঁচু-নিচু হয়ে গেছে। সেতু ও কালভার্টের মুখে সড়ক উঁচু-নিচু হওয়ায় যানবাহন লাফিয়ে চলছে। সওজের পক্ষ থেকে সাময়িক মেরামত চলছে। তবে ভারী যানবাহনের চাপে পরক্ষণেই তা ক্ষয়ে যাচ্ছে।
এই মহাসড়কে স্থানীয় যানবাহন চলাচলের জন্য আলাদা সড়ক রয়েছে। সিরাজগঞ্জ অংশের প্রায় ২৫ কিলোমিটারজুড়ে রাস্তার পাশের অংশ ভেঙে গেছে।
এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের উথুলি এলাকায় তিন কিলোমিটারের বেশি অংশে খানাখন্দ রয়েছে। এই মহাসড়কের দৌলতদিয়া থেকে ফরিদপুর, মাগুরা ও ঝিনাইদহের বিভিন্ন স্থানে প্রায় ১৫ কিলোমিটার ভাঙাচোরা। মহাসড়কের পাশের কাঁচা অংশ (শোল্ডার) ভেঙে গেছে বেশির ভাগ স্থানে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সূত্র বলেছে, ঈদে ঘরমুখো মানুষের যাতায়াত শুধু মহাসড়কে সীমাবদ্ধ থাকে না। আঞ্চলিক মহাসড়ক ধরেও প্রচুর যানবাহন চলে।
জেলা সড়কের মধ্যে কুড়িগ্রামের বিভিন্ন উপজেলার প্রায় ১৪০ কিলোমিটার সড়কের অবস্থা ভয়াবহ, যা ওই জেলার মোট সড়কের ৫৯ শতাংশ। ভূরুঙ্গামারী-নাগেশ্বরী পথের একাংশ এখনো চালু করা যায়নি। সওজের কর্মকর্তারা বলেছেন, এই পথের ৪৫ কিলোমিটার বন্যার পানির নিচে চলে গিয়েছিল। এক স্থানে সড়ক বাঁধ ভেঙে কালভার্টসহ কিছু অংশ পানিতে ভেসে গেছে। সিরাজগঞ্জ জেলা সদর থেকে প্রায় সব কটি উপজেলায় যাতায়াতের সড়ক বিধ্বস্ত হয়েছে। জেলায় জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক ও জেলা সড়ক আছে ৪৪১ কিলোমিটার। এর মধ্যে ৩৮৯ কিলোমিটার খানাখন্দে ভরা। অর্থাৎ জেলার ৮৮ শতাংশ সড়ক বেহাল।
মানিকগঞ্জ জেলাতেও এই তিন শ্রেণির সড়কের ৩৯ শতাংশে খানাখন্দ সৃষ্টি হয়েছে। জামালপুর-সরিষাবাড়ী সড়ক প্রায় ১৫ দিন বন্যার পানির নিচে ছিল। এখন জোড়াতালি দিয়ে ওই সড়কে যান চালানোর চেষ্টা চলছে।