বন্যা মোকাবিলায় পাউবোর কর্মকর্তা ও প্রকৌশলীদের সব ছুটি বাতিল
বন্যা পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তা ও প্রকৌশলীদের সব ছুটি বাতিল করা হয়েছে। পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেন গতকাল রোববার তাঁর সচিবালয়ের কার্যালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান। পানিসম্পদমন্ত্রী বলেন, পাউবোর কর্মকর্তা ও প্রকৌশলীদের নিজ নিজ কর্মস্থলে থেকে বন্যা মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।গত কয়েক দিনের বৃষ্টিতে দেশের বেশ কিছু এলাকা প্লাবিত হলেও পরিস্থিতি উদ্বেগজনক নয় বলে মন্তব্য করেছেন রমেশ চন্দ্র সেন। তবে নদীভাঙনের বিষয়টি স্বীকার করে তিনি বলেন, ভাঙন প্রতিরোধে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য সব অঞ্চলের প্রকৌশলীদের কাছে পর্যাপ্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।পানিসম্পদমন্ত্রী বলেন, এ কাজে কোনো গাফিলতি হলে কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পানি উন্নয়ন বোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, গতকাল সকাল ১০টা পর্যন্ত যমুনা নদীর বাহাদুরাবাদ, সিরাজগঞ্জ ও আরিচা পয়েন্টে, পদ্মা নদীর গোয়ালন্দ ও ভাগ্যকূলে, আড়িয়াল খাঁ নদের মাদারীপুরে, কুশিয়ারা নদীর অমলশিদ, শেওলা ও শেরপুরে এবং সুরমা নদীর কানাইঘাটে বিপৎসীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।