বন্যাকবলিত অঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণার দাবি
বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত এলাকা ঘোষণা এবং এসব অঞ্চলে পর্যাপ্ত ত্রাণ সরবরাহের দাবিতে রংপুর প্রেসক্লাব এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।
জেলা সংগঠক আনোয়ার হোসেন বাবলুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের (বাসদ-মার্ক্সবাদী) জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক খেতমজুর ও কৃষক ফ্রন্টের সদস্য বাবু মিয়া, হবিবর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, দেশের বিস্তীর্ণ অঞ্চল বন্যায় প্লাবিত হয়েছে। খেতের সব ফসল নষ্ট হয়েছে। মৎস্যচাষিরা মাছ ধরে রাখতে পারেননি, বন্যার পানিতে ভেসে গেছে। গরু-ছাগল, হাঁস-মুরগির ব্যাপক ক্ষতি হয়েছে। খামারিরা পথে বসার মতো অবস্থায় দাঁড়িয়েছেন। নদীভাঙনে ভিটেমাটি হারিয়েছেন অনেক মানুষ। তাঁদের জন্য এখন পর্যন্ত সরকারের যে বরাদ্দ, তা খুবই সামান্য।
বক্তারা বন্যাদুর্গত অঞ্চলের মানুষের সাহায্যার্থে পর্যাপ্ত ত্রাণসামগ্রী সরবরাহ এবং ক্ষতিগ্রস্ত কৃষক-খেতমজুরদের উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান। একই সঙ্গে বন্যাকবলিত অঞ্চলগুলোকে দুর্গত এলাকা ঘোষণার দাবি করা হয়।