
নিত্যপ্রয়োজনীয় পণ্যসহ বিভিন্ন মালামাল সাজিয়ে বসে আছেন দোকানি। তবে ক্রেতার দেখা তেমন একটা মিলছে না। দীর্ঘ সময় পর এক-দুজন ক্রেতা অল্পস্বল্প জিনিসপত্র কিনে নিয়ে যাচ্ছে। গতকাল মঙ্গলবার বেচাকেনার এ চিত্র মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার হাকালুকি হাওরপারের সিএনজি স্ট্যান্ড বাজারের বদরুল ভ্যারাইটিজ স্টোরের।
দোকানের মালিক বদরুল ইসলাম গতকাল দুপুর সাড়ে ১২টায় প্রথম আলোকে বলেন, ‘সকাল আটটায় আইয়া (এসে) দোকান খুলছি। এখন পর্যন্ত ২০ টাকার জিনিস বিক্রি করছি। আগে প্রতিদিন চাইর থেকে পাঁচ হাজার টাকা বিক্রি হইত। এখন হাজার-বারো শ টাকাও অয় না (হয় না)। বন্যার কারণে মানুষ আইতো পারে না। মাইনষে জিনিস কিনতো কিতা (কি)। খাইতই পারের না। ঈদর সময় থাকি বেচা-বিক্রি নাই।’
গতকাল ভুকশিমইল ইউনিয়নের পুশাইনগর-নবাবগঞ্জ সড়কের নবাবগঞ্জ বাজার পর্যন্ত চার-পাঁচটি বাজারে কয়েকজন ব্যবসায়ীর সঙ্গে কথা হয়। তাঁরা বলেন, দুই সপ্তাহ আগে বন্যা দেখা দিয়েছে। বেচাকেনা অর্ধেকের নিচে নেমে গেছে। বাজারে লোকজনের উপস্থিতি কম। পানিবন্দী হওয়ায় লোকজন ঘর থেকে বের হতে পারছে না। অনেকের নৌকা নেই। অনেকে বেকার বসে আছে। কাজ না থাকায় লোকজনের হাতে টাকাও নেই। ঘাটের বাজার, গৌড়করণ সিএনজি স্ট্যান্ড বাজার, গৌড়করণ মাদ্রাসা বাজার, কাইরচক, নবাবগঞ্জ বাজারসহ স্থানীয় দোকানমালিকেরা বেচাকেনা নিয়ে কথা বলেন।
গতকাল সকালের দিকে ভুকশিমইল ইউনিয়নের মীরশংকর এলাকায় দেখা যায়, নৌকায় করে কলস ও বালতিতে খাওয়ার পানি নিয়ে বাড়ি ফিরছেন কয়েকজন। বেদানা বেগম (৫২) নামের এক নারী রাস্তায় দাঁড়িয়ে তিনটি শিশু নিয়ে গাড়ির জন্য অপেক্ষা করছেন। বেদানা বেগম জানালেন, তাঁর শিশুরা অসুস্থ। চিকিৎসক দেখাতে বের হয়েছেন। কাছেই ঘাটের বাজার।
এ বাজারের ব্যবসায়ী মানিক আহমদ বলেন, ‘আগে দোকানে দিনে চার-পাঁচ হাজার টাকার বিক্রি অয়ত। এখন দুই-আড়াই হাজারের বেশি অয় না। মাইনষর (মানুষের) রুজি কম। আত (হাতে) টাকা নাই। যতটুকু না কিনলে না অয়। অতটুকু কিনে। কোনোরকম খাইয়া বাঁচা আরকি!’
গৌড়করণ মাদ্রাসা বাজারের বেশির ভাগ দোকানেই পানি উঠেছিল। অনেকের মালামাল পানিতে নষ্ট হয়েছে। বাজার থেকে পানি নেমেছে। তবে আশপাশে পানি রয়েছে। বাজারের কাঁচামাল ব্যবসায়ী আয়াছ মিয়া বলেন, ‘বাজারে হাঁটুপানি আছিল। আমার সবজি ও ফল সব পচি গেছে। অখন (এখন) ব্যবসা করতাম যে পুঞ্জিই (পুঁজি) নাই।’
এ বাজারের মা ডিপার্টমেন্ট স্টোরের হাবিবুর রহমান বলেন, ‘বেচাবিক্রি নাই। কাস্টমার নাই। মানুষ রুজি করত পারের না। দিনে পাঁচ থাকি আট হাজার টাকার মালামাল বেচি। এখন ৬০০ টাকা থাকি ১ হাজারের বেশি বেচতাম পারি না। এখন (বেলা পৌনে একটা) পর্যন্ত ২০০ টাকার মতো বেচছি।’
ভুকশিমইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আজিজুর রহমান বলেন, ‘আমার ইউনিয়নে ছোট–বড় সাতটি বাজার আছে। এখন বাজারে বাইরে থেকে পণ্য আনাতেও ভোগান্তি। দু-তিন জায়গা বদল করে আনতে হচ্ছে। এখনো সড়কের অনেক স্থানে হাঁটুপানি। বেচাকেনা ভালো না। মানুষের কাছে টাকাপয়সা নাই। কর্মসংস্থান নাই। দীর্ঘস্থায়ী বন্যায় বেশির ভাগ মানুষের সাহায্য প্রয়োজন। সরকারি ত্রাণ যা পাচ্ছি, তাই দিচ্ছি। বেসরকারিভাবেও অনেকে ত্রাণ দিচ্ছেন।’
কুলাউড়ার ইউএনও চৌধুরী মো. গোলাম রাব্বী প্রথম আলোকে বলেন, পানি কমা শুরু হয়েছে। উপজেলায় ২৭৫ টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া চাল, ডাল, মোমবাতিসহ বিভিন্ন পণ্যের ৫০০ প্যাকেট পাওয়া গেছে। আজ (গতকাল) কাদিপুর ইউনিয়নের বরাদ্দ ৬০ প্যাকেট বিতরণ করা হয়েছে। অন্য ইউনিয়নেও এসব প্যাকেট বিতরণ করা হবে।