বন্যাকবলিত ঘোষণা ছয় উপজেলাকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ ভবনের প্রাঙ্গণ পানিতে তলিয়ে গেছে। গতকাল বিকেল পাঁচটার দিকে এই স্থানে হাঁটুপানি ছিল l ছবি: প্রথম আলো
পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ ভবনের প্রাঙ্গণ পানিতে তলিয়ে গেছে। গতকাল বিকেল পাঁচটার দিকে এই স্থানে হাঁটুপানি ছিল l ছবি: প্রথম আলো

অবিরাম বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে হাওরের জেলা সুনামগঞ্জে হুহু করে বাড়ছে পানি। তাহিরপুর, বিশ্বম্ভরপুর, শাল্লা, ধরমপাশা, দোয়ারাবাজার ও সুনামগঞ্জ সদর উপজেলাকে বন্যাকবলিত এলাকা হিসেবে ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন।
পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আফসারুজ্জামান বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টায় সুনামগঞ্জে সুরমা নদীর পানি বিপৎসীমার ৮৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, যা গত ১০ বছরের মধ্যে সবচেয়ে বেশি।
বন্যায় সড়কে পানি ওঠায় সুনামগঞ্জ থেকে তাহিরপুরে সড়কপথের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস বন্ধ হয়ে গেছে। বিভিন্ন বাড়িঘর ছাড়াও বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদসহ কয়েকটি সরকারি কার্যালয়ও পানিবন্দী হয়ে গেছে। বিশ্বম্ভরপুরের পাঁচটি ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে বলে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভায় জানানো হয়েছে। সভায় আশ্রয়কেন্দ্র খোলার সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হারুনুর রশিদ।
সরেজমিনে মানুষের দুর্ভোগ ও কষ্ট দেখা গেছে। গতকাল সকালে জেলা সদর থেকে তাহিরপুরে যেতে বিশ্বম্ভরপুর উপজেলার দুর্গাপুর পর্যন্ত গিয়েই আটকে যেতে হলো। সেখানকার মানুষ বললেন, সড়কের দুই থেকে আড়াই কিলোমিটার পথ পানিতে ডুবে গেছে। ফলে যানচলাচল বন্ধ। এর আগে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদ ভবনের সামনেই পানি দেখা গেল। একই চিত্র থানা ভবনের।
উপজেলার কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা স্বপন কুমার বর্মণ বলেন, এই উপজেলার সব কটি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। রাস্তাঘাট ডুবে যাওয়ায় দুর্ভোগ বেড়েছে। পানিবন্দী মানুষের জন্য আশ্রয়কেন্দ্র খোলা দরকার।
বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের একেবারে কাছেই অবস্থিত সদর উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেল, শিক্ষক আছেন, কিন্তু ছাত্রছাত্রী নেই। প্রধান শিক্ষক রেহানা খাতুন বললেন, গতকাল আশপাশে পানি বেড়ে যাওয়ায় শিক্ষার্থীরা আসতে পারেনি। পাশের কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের আরও কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানেরও একই চিত্র।
তাহিরপুরের বালিজুড়ি হাজী এলাহী বক্স উচ্চবিদ্যালয়ের সামনে গিয়ে দেখা গেল, বিদ্যালয়টি পানিবন্দী। কিন্তু জানা গেল, অর্ধসাময়িক ও দশম শ্রেণির প্রাক্-নির্বাচনী পরীক্ষা থাকার কারণে পানি পেরিয়েই স্কুলে যাচ্ছে শিক্ষার্থীরা।
তাহিরপুরের জামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং রতনশ্রী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা গেছে, স্কুল দুটি পানিবন্দী। নৌকা দিয়ে শিশুরা স্কুলে আসা-যাওয়া করছে। পরে বিকেলে তাহিরপুর থেকে সুনামগঞ্জে আসার পথে মূল সড়কের অন্তত ১০টি জায়গায় কয়েক কিলোমিটার পথে পানি উঠতে দেখা গেছে। ফলে যানচলাচল বন্ধ হয়ে গেছে।
তাহিরপুর পোস্ট অফিসে কর্মরত একজন বললেন, ঝুঁকি নিয়েই পার হতে হচ্ছে। পথে কয়েকজন বললেন, একে তো বন্যা, তার ওপর টানা বৃষ্টির কারণে কষ্ট আরও বেড়ে গেছে। যাওয়া-আসার পথে দেখা গেল, সড়কের আশপাশের বাড়িগুলো পানিবন্দী হয়ে পড়েছে। সেখানে এখন নৌকাই একমাত্র বাহন হয়ে গেছে।
গতকাল সন্ধ্যায় অতিরিক্ত জেলা প্রশাসক কামরুজ্জামান প্রথম আলোকে বলেন, দোয়ারাবাজার উপজেলায় ক্ষতিটা একটু বেশি হয়েছে। বন্যাকবলিত প্রতিটি উপজেলায় পাঁচ টন করে চাল বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ডাকা হয়েছে।