বন্যাকবলিত সিলেটবাসীকে হরতাল থেকে মুক্তি দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়েছেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক। গতকাল বুধবার সিলেটের বালাগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে গিয়ে এক পথসভায় তিনি এ আহ্বান জানান। বালাগঞ্জ কলেজের সামনে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ পথসভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাকুর রহমান। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সিলেট-২ আসনের সাংসদ শফিকুর রহমান চৌধুরী ও সিলেট-৩ আসনের সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী। পরে মন্ত্রী পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে বন্যাদুর্গত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এরপর তিনি ফেঞ্চুগঞ্জের উদ্দেশে যাত্রা করেন।এর আগে মন্ত্রী গজিয়া আশ্রয়কেন্দ্র ও মনোহরপুর বাজার পরিদর্শন এবং বন্যার্তদের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেন। এ ছাড়া তিনি ভল্লবপুর, হাজীপুর, মশাখলা, মাকড়সী গ্রামও ঘুরে দেখেন। ফেঞ্চুগঞ্জে ত্রাণ বিতরণ: আব্দুর রাজ্জাক গতকাল ফেঞ্চুগঞ্জের বন্যাকবলিত বারহাল, চানপুর, মোমিনপুর এলাকা পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি চন্ডীপ্রসাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কচুয়াবহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আশ্রয়কেন্দ্রে বন্যাকবলিত মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেন। জুড়ীতে খাদ্যমন্ত্রী : জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি জানান, সিলেট ও মৌলভীবাজারের বন্যাদুর্গত এলাকা পরিদর্শন শেষে জুড়ী উপজেলা সদরের শিশুপার্ক চত্বরে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক। এ সময় তিনি বলেন, সোনার ফসল তলিয়ে যাওয়ায় কৃষকের মুখের হাসি ম্লান হয়ে গেছে।