জামালপুরের বন্যাদুর্গত এলাকায় শিশুখাদ্যের তীব্র সংকট দেখা দিয়েছে। বিভিন্ন স্থানে দরিদ্র পরিবারের সঙ্গে আশ্রয় নেওয়া শিশুদের খাবার দিতে পারছেন মা-বাবারা। অনেক শিশু খাবার না পেয়ে কান্নাকাটি করছে। প্রশাসনের পক্ষ থেকেও দুর্গত এলাকার শিশুদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি। ফলে শিশুদের নিয়ে বিপাকে পড়েছেন পরিবারের সদস্যরা।
গতকাল শুক্রবার সকাল থেকে বেলা দুইটা পর্যন্ত জামালপুরের ইসলামপুর উপজেলার আমতলী সড়ক, বলিয়াদহ সেতু, পূর্ব বামনা সেতু, কুলকান্দি বন্যানিয়ন্ত্রণ বাঁধ, ডেবরাইপ্যাঁচ রাস্তা ও সেতু, গুঠাইল বন্যানিয়ন্ত্রণ বাঁধে ঘুরে শিশুখাদ্যের সংকটের বিষয়টি জানা যায়। এসব শিশুর বয়স এক মাস থেকে তিন বছর পর্যন্ত। ওই সব স্থানে কয়েক শ বানভাসি মানুষ আশ্রয় নিয়েছে।
সকাল সাড়ে ১০টার দিকে সরেজমিনে দেখা যায়, পূর্ব বামনা গ্রামের একটি সেতুর ওপর ১০ থেকে ১৫টি পরিবার আশ্রয় নিয়েছে। এ সময় ঝরনা বেগম নামের এক নারীর সঙ্গে কথা হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতিবছর আমাগো এলাকায় বানে সব নিয়ে যায়। এবারও তাই হলো। স্বামী কৃষিকাজ করেন। চারপাশে পানি থাকায় কোনো কামকাজ নাই। গরিব হওয়ায় আমাগো কাছে এত টেহাও থাকে না। কত দিন ধরে ব্রিজের ওপর। ঘরে যা খাউন ছিল, তা–ও শেষ। সঙ্গে দুই মেয়ে এক ছেলে। খাউনের জন্য শুধু কান্নাকাটি করে। আমরা বড় মানুষ না খেয়েও থাহি। কিন্তু শিশু হওয়ায় তারা বুঝে না। বিয়ান বেলা থেকে কোনো খাউন খায়নি তারা। কুঠাই পামু খাউন। তারা ক্ষিধার জ্বালায় এখন কানছে। স্যার আমাগো কিছু দিতে হবো না। ওগরে জন্য কিছু খাউন দিয়েন।’
ওই সব এলাকায় আশ্রয় নেওয়া পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, টানা নয় দিন ধরে পানিবন্দী মানুষ। দুর্গত গ্রামের পর গ্রামে বড়দের সঙ্গে শিশুরাও অনেকটা না খেয়ে রয়েছে। বানভাসি বেশির ভাগ মানুষ দরিদ্র। ফলে অন্য কোনো স্থান থেকে শিশুদের জন্য খাবার কিনেও আনতে পারছেন না তাঁরা। ফলে শিশুরা অনেকটাই অর্ধহার–অনাহারে দিন কাটাচ্ছে। বিভিন্ন এলাকায় ত্রাণের চাল বিতরণ করা হলেও শিশুদের জন্য কোনো খাবার বিতরণ করা হয়নি এখনো।
ইসলামপুরের আমতলী এলাকায় আশ্রয় নেওয়া সালমা বেগম বলেন, ‘সবাই শুধু বড়দের কথা চিন্তা করে। শিশুদের কথা চিন্তা করেন না। তাদের কী উপায় হবে। গত দুই দিন অন্য মানুষের বাড়ি থেকে চেয়ে দেড় বছরের শিশুসন্তানকে সুজি খাওয়াইছি। সকাল থেকে খাওয়ার জন্য কান্নাকাটি করছে। কী করুম ওপায় নাই। কেউ তো পুলাপানগরের জন্য খাবার দেয় না। মা হয়ে নিজে না খেয়ে থাকতে রাজি আছি।’
জেলা প্রশাসক আহমেদ কবীর বলেন, ‘এ পর্যন্ত শিশুদের জন্য কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি। তবে শিশুদের খাবার সত্যিই জরুরি। দ্রুত জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুখাদ্যের ব্যবস্থা করা হবে। যত দ্রুত সম্ভব দুর্গত এলাকা সেগুলো বিতরণ করা হবে।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী গতকাল জেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক বিশেষ সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেছেন, বন্যাদুর্গত এলাকার শিশুদের জন্য খাবারের ব্যবস্থা করতে হবে। দ্রুত সময়ের মধ্যে রুটি তৈরি করে দুর্গত এলাকায় বিতরণের জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেন তিনি।