বন্যাদুর্গত চরাঞ্চলে ডাকাতের উপদ্রব
কুড়িগ্রামে বন্যাদুর্গত চর এলাকায় ডাকাতের উপদ্রব বেড়ে গেছে। প্রতিদিন কোথাও না কোথাও ডাকাতির ঘটনা ঘটছে। ডাকাতেরা কৃষকদের কাছ থেকে গরুসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যাচ্ছে। বন্যার মধ্যে রাত জেগে গরু পাহারা দিতে হচ্ছে চর এলাকার বাসিন্দাদের।উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মোল্লারহাট এলাকায় ব্রহ্মপুত্র নদে গত শনিবার রাতে ১৬টি গরুসহ ১০ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা।সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুল গফুর জানান, তাঁর ইউনিয়নের যাত্রাপুর হাট থেকে রৌমারী উপজেলার ঘুঘুমারী চরের বাসিন্দারা গরুসহ বিভিন্ন মালামাল কেনাবেচা করে চারটি নৌকায় করে নিজ এলাকায় ফিরছিল। নৌকাটি মোল্লারহাটের কাছে পৌঁছালে ওত পেতে থাকে ডাকাতেরা তাদের ওপর হামলা চালায়। এ সময় তারা একটি নৌকা আটক করে ১৬টি গরু, নগদ টাকাসহ অন্যান্য মালামাল নিয়ে যায়। বাকি তিনটি নৌকা পালিয়ে যাত্রাপুর হাটে ফিরে আসে। চরাঞ্চলের বাসিন্দারা অভিযোগ করেন, বন্যার পানি বাড়ায় এলাকায় ডাকাতেরা সক্রিয় হয়ে উঠেছে। বিষয়টি পুলিশকে জানানো হলেও তারা কোনো ব্যবস্থা নিচ্ছে না। তারা আরও বলেন, তিন দফা বন্যায় এলাকাবাসীর ফসল নষ্ট হয়ে গেছে। এখন তাদের একমাত্র সম্পদ গরু। ডাকাতের কারণে তাও তারা রক্ষা করতে পারছেন না। প্রতিদিন কোনো না কোনো চরে ডাকাতির ঘটনা ঘটছে। বাধ্য হয়ে তাদের রাত জেগে পাহারা দিতে হচ্ছে। কুড়িগ্রামের পুলিশ সুপার (এসপি) মাহবুবুর রহমান বলেন, সংবাদ পেয়েছি। তিনি চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের ভেতর চরের মধ্যে অবস্থিত দুশমারা জলথানার পুলিশকে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন।