বন্যাদুর্গত ২০০ পরিবারকে ত্রাণ সহায়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের ইসলামপুরে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারকে ত্রাণসহায়তা দিয়েছে প্রথম আলো ট্রাস্ট। প্রথম আলো বন্ধুসভা জামালপুর শাখার সদস্যরা গতকাল শুক্রবার সকালে যমুনার দুর্গম চর উলিয়া ও সাপধরী এলাকার এসব পরিবারকে ত্রাণসামগ্রী তুলে দেন।

বন্ধুসভার সদস্যরা ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আলু নিয়ে জেলা শহর থেকে ভোরে একটি ট্রাকে করে রওনা দেন। সকাল ১০টায় চর উলিয়ায় পৌঁছালে বানভাসি লোকেরা এগিয়ে আসেন। তাঁরা বন্ধুদের পাশে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে সুশৃঙ্খলভাবে ২০০ পরিবারের এসব সদস্যের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন বন্ধুরা।

এ সময় উলিয়া গ্রামের গোলাপি বেগম নামের ৮০ বছরের এক বৃদ্ধ বলেন, ‘টানা ২০ দিন বানের পানির মধ্যে ভাসিছি, এখন আমাগো কিছু নাই। বানের পানি নেমে গেলেও আমাগো কষ্ট দূর হয়নি। খেয়ে না-খেয়ে দিন কাটাচ্ছি। কয়েক বছর আগেও তুমাগো প্রথম আলো সাহায্য দিয়েছিল। আজ যেটুক পেয়েছি, তা দিয়ে কয়েক দিন চলে যাবে।’

ত্রাণসামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, জামালপুর বন্ধুসভার সাধারণ সম্পাদক কমল হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. সৌরভ, সাংগঠনিক সম্পাদক মহসিন আলী, পাঠাগার সম্পাদক রিসতা ইসলাম, অর্থ সম্পাদক মাসুদ হাছান, সদস্য মনির আহম্মেদ, সাদিকুর রহমান, ফাহিম মুন্তাসির, মাহাতাব ফাহিম, শামীম মাহমুদ ও সুমাইয়া শাওন।