ত্রাণ তহবিলের জন্য অনুদানের চেক গ্রহণকালে প্রধানমন্ত্রী
বন্যাদুর্গতদের পুনর্বাসনে সব সহায়তা দেওয়া হবে

বন্যাদুর্গত মানুষের পুনর্বাসনে সরকার সব রকমের পদক্ষেপ নিচ্ছে বলে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি তাঁদের দুর্ভোগ লাঘবে সহায়তা করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।
গতকাল বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী তাঁর কার্যালয়ে বিভিন্ন সরকারি-বেসরকারি সংস্থার কাছ থেকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের জন্য আর্থিক অনুদানের চেক গ্রহণকালে এসব কথা বলেন।
গতকাল বিদ্যুৎ বিভাগ ও এর অধীন সংস্থাসমূহ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, শিপার্স কাউন্সিল, ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং প্রাইভেট লিমিটেড ও ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে আর্থিক অনুদান দেয়।
দেশে চলমান বন্যার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘ফসলের বেশ ক্ষতি হচ্ছে। রাস্তাঘাট ভেঙে যাচ্ছে। নদীভাঙনে অনেক মানুষ নিঃস্ব হয়ে যাচ্ছে। যাদের জমিজমা চলে যাচ্ছে, ঘরবাড়ি চলে যাচ্ছে, তাদের ঘরবাড়ি তৈরি করে দেওয়া হবে। তাদের পুনর্বাসন করা এবং পানি নামার সঙ্গে সঙ্গে তারা যেন চাষাবাদ করতে পারে, সে ব্যবস্থা করা হবে।’
প্রাকৃতিক দুর্যোগ দেশে নিত্যনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘দুর্যোগ মোকাবিলা করেই আমাদের বাঁচতে হবে। বন্যা, খরা, জলোচ্ছ্বাস—এসব প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করা ও জানমালের ক্ষতি যাতে কম হয় সে ব্যবস্থা নিতে হবে।’ তিনি বলেন, ‘আমাদের সরকার এ ব্যাপারে যথেষ্ট সজাগ। সব প্রস্তুতি আমাদের নেওয়া আছে।’
আতিয়া মহলে অভিযানকালে নিহতদের স্বজনদের অনুদান
গতকাল একই সময় সিলেটের আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানকালে নিহত ব্যক্তিদের স্বজনদের অনুকূলে আর্থিক অনুদানের চেক দেওয়া হয়।
আতিয়া মহলে জঙ্গিবিরোধী অভিযানকালে জঙ্গি হামলায় নিহত লেফটেন্যান্ট কর্নেল মো. আবুল কালাম আজাদের স্ত্রী মোসাম্মত সুরাইয়া সুলতানা ও মা সাঈদা করিম, পুলিশ পরিদর্শক মো. মনিরুল ইসলামের স্ত্রী পারভীন আক্তার ও মা ফিরোজা খাতুন, পুলিশ পরিদর্শক চৌধুরী মোহাম্মদ আবু কয়ছরের স্ত্রী ছায়রা ফারহানা চৌধুরী এবং ছাত্রলীগের কর্মী ওয়াহিদুলের মা সুলতানা আক্তার ও জান্নাতুল ফাহিমের বাবা কামাল আহমদ প্রধানমন্ত্রীর কাছ থেকে অনুদানের চেক গ্রহণ করেন।
চেক প্রদানকালে প্রধানমন্ত্রী নিহত এসব ব্যক্তির স্বজনদের বেদনার কথা মনোযোগ দিয়ে শোনেন ও তাঁদের সান্ত্বনা দেন।