বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের গাবের গ্রাম-ভোলারচর বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। গতকাল শনিবার নির্মাণকাজের উদ্বোধন করেন জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ ও স্থানীয় সাংসদ মির্জা আজম। এ উপলক্ষে বালিজুড়ী ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘ভোটের আগে আটাত্তুরসহ তিনটি গ্রামের জনগণের কাছে কথা দিয়েছিলাম, আমি সাংসদ নির্বাচিত হলে এ বাঁধের ভাঙা অংশটুকুসহ আটাত্তুর চর বফাদ উদ্দিন উচ্চবিদ্যালয় পর্যন্ত রাস্তা নির্মাণ করা হবে। আজ সেই কথা পূরণ করতে পেরেছি।’ দৌলতজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম জাহাঙ্গীর হোসেন, বালিজুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম, আওয়ামী লীগের সহসভাপতি অরুণ কুমার সাহা, মির্জা গোলাম মাওলা প্রমুখ। জানা যায়, ইউএনডিপির সিডিএমপি প্রকল্পের আওতায় প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে বাঁধটি নির্মাণ করা হচ্ছে। আটাত্তুর চর বফাদ উদ্দিন উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, ‘আমাদের দীর্ঘদিনের দাবি আজ পূরণ হলো। এখন ছাত্রছাত্রীদের আর নৌকাযোগে পার হতে হবে না।’