বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, বিলীন হচ্ছে বাড়িঘর
বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বাঙ্গালী নদীর বন্যানিয়ন্ত্রণ বেড়িবাঁধের সাহেববাড়ী ঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। ইতিমধ্যে বাঁধের প্রায় ৭০০ মিটার ক্ষতিগ্রস্ত হয়েছে। নদীগর্ভে বিলীন হয়েছে পাঁচটি বসতবাড়িসহ প্রায় ১০০ বিঘা ফসলি জমি।
স্থানীয় কয়েকজন জানান, নদীতে পানি কমে যাওয়ায় প্রায় এক সপ্তাহ ধরে আকসিঞ্চকভাবে ভাঙন দেখা দিয়েছে। এর ফলে গত রোববার থেকে সাহেববাড়ী ঘাটে নৌকা দিয়ে পারাপার বন্ধ হয়ে গেছে। ফলে কল্যাণী, চক কল্যাণীসহ কয়েকটি গ্রামের মানুষ ভোগান্তিতে পড়েছে।
গতকাল সোমবার সরেজমিনে দেখা গেছে, বিনোদপুর গ্রামের সাহেববাড়ী ঘাট এলাকায় নদীতে পানির স্রোত এসে বাঁধে আঘাত হানছে। এতে বাঁধে বড় ধরনের ফাটল ধরেছে। ইতিমধ্যে প্রায় ৭০০ মিটার বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। কোনো কোনো স্থানে বাঁধের তিন-চতুর্থাংশই বিলীন হয়ে গেছে। বাঁধটি রক্ষায় গত বছর শুষ্ক মৌসুমে বগুড়ার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধের একাধিক স্থানে বাঁশের খাঁচা তৈরি করে দিলেও সেগুলো কোনো উপকারে আসেনি।