বন্যানিয়ন্ত্রণ বাঁধে ভাঙন, ১৫টি পরিবার গৃহহারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা নদীর ভাঙনে বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ী গ্রামের বন্যানিয়ন্ত্রণ পুরাতন বাঁধ বিলীন হয়েছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো
যমুনা নদীর ভাঙনে বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ী গ্রামের বন্যানিয়ন্ত্রণ পুরাতন বাঁধ বিলীন হয়েছে। গত শনিবার তোলা ছবি l প্রথম আলো

যমুনা নদীর ভাঙনে এক সপ্তাহে বগুড়ার ধুনটে ভান্ডারবাড়ী ইউনিয়নের কৈয়াগাড়ী গ্রামের বন্যানিয়ন্ত্রণ পুরোনো বাঁধে আশ্রিত ১৫টি পরিবারের বসতভিটা বিলীন হয়েছে।
বসতভিটাহারা শাহার ভানুর (৭০) স্বামী হোসেন আলী মারা গেছেন অনেক আগে। ভাঙনের কবলে পড়ে জমিজমা, বসতভিটা হারিয়ে সেই থেকে শাহার ভানু চার মেয়েকে নিয়ে এ-বাঁধ থেকে ও-বাঁধে ঘর বাঁধেন। এভাবেই চলে গেছে জীবনের ৫০টি বছর। তিনি বলেন, ‘এই বয়সে আর কয়বার ভিটাছাড়া হইমু। সেই ২০ বছর বয়স থাইকা এ পর্যন্ত ১৫ বার বাড়িঘর হারাইলাম। আর পারুম না। যে কয়দিন বাঁইচা থাকি, সে কয়দিন এহেনে থাকবার চাই।’
গত শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, বন্যানিয়ন্ত্রণ পুরোনো বাঁধ এলাকায় নদীভাঙন চলছে। ইতিমধ্যে যাঁরা বসতভিটা হারিয়েছেন, তাঁরা খোলা আকাশের নিচে বসবাস করছেন। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায়, গত দুই দশকে যমুনার ভাঙনে ভান্ডারবাড়ী ইউনিয়নের বৈশাখী, রাধানগর, বথুয়ার ভিটা, পুকুরিয়া, বানিয়াজান ও কৈয়াগাড়ী গ্রামের কয়েক হাজার পরিবার বসতভিটা ও জমিজমা হারিয়ে নিঃস্ব হয়েছে। এসব পরিবারের অনেকে এলাকা ছেড়ে শহর এলাকায় বা অন্য কোনো গ্রামে চলে গেছেন। যাঁদের কোথাও যাওয়ার জায়গা নেই, তাঁরাই শুধু পড়ে আছেন বন্যানিয়ন্ত্রণ বাঁধে। সেখানে যাঁরা রয়েছেন, তাঁদের একটি ঘর মানেই একটি পরিবার। ছোট্ট ঘরে বসবাস, অভাব-অনটন তাঁদের নিত্যসঙ্গী। এর মধ্যে তাঁদের আবার প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা করতে হচ্ছে। সাম্প্রতিক ভয়াবহ বন্যার হাত থেকে রক্ষা পেতে না-পেতেই তাঁরা পড়েছেন নদীভাঙনের কবলে। শনিবার পর্যন্ত এক সপ্তাহে কৈয়াগাড়ী বন্যানিয়ন্ত্রণ পুরোনো বাঁধে ভাঙনের কবলে পড়ে শাহার ভানু, আবদুল খালেক, ওসমান গনি, ফেরদৌস, সোহরাব, আয়নাল হক, নাসম উদ্দীন, ইয়াকুব আলী, ময়না খাতুন, আমজাদ হোসেন, শাহজামাল, জহুরুল, আলেয়ারসহ প্রায় ১৫টি পরিবার বসতভিটা হারিয়েছে।
শাহজামাল (৫০) বলেন, ‘বসতভিটা, জমিজমা অনেক আগেই হারাইয়া এহেনে বাঁধে রইছি। নদীত মাছ ধরি, ভ্যান চালাইয়া কোনোমতে জীবন চলে। এরপর আবার ঘরভিটা নদীর মধ্যে চইলা গেছে। এহন আমরা গৃহহারা হইয়া পড়ছি। ছেলে-মেয়েগোর নিয়া কোন হানে যাইমু।’
ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আতিকুল করিম বলেন, বর্তমানে বাঁধে যাঁরা আশ্রয় নিয়ে আছেন, তাঁদের কোনো জমিজমা নেই। একটি করে ঘরে একটি করে পরিবার। এক সপ্তাহ ধরে বাঁধের ভাঙনের কবলে পড়ে ১৫টি পরিবার ভিটাটুকু পর্যন্ত হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। তাদের পুনর্বাসন করা জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।
বগুড়া পাউবোর উপসহকারী প্রকৌশলী হারুনার রশিদ বলেন, ভাঙন এলাকায় জরিপ করা হয়েছে। ভাঙন রোধের জন্য সেখানে জরুরি পদক্ষেপ নেওয়া হবে।