বন্যানিয়ন্ত্রণ বাঁধের ওপর মাটিবাহী ট্রাক চলাচল
মানিকগঞ্জের ঘিওর উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে প্রতিনিয়ত ইটভাটার মাটিবাহী ট্রাক চলাচল করছে। মাটিবাহী ট্রাক ওঠানামার জন্য বাঁধ কেটে কয়েকটি স্থানে ঢালু করে রাস্তা তৈরি করা হয়েছে। এতে বাঁধটি হুমকির মধ্যে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।এলাকাবাসী জানান, স্থানীয় প্রভাবশালী একটি মহল বাঁধের পাশের জমি থেকে মাটি কেটে ট্রাকযোগে তা আশপাশের কয়েকটি ইটভাটায় সরবরাহ করছে।পাউবো ও স্থানীয় সূত্র জানায়, বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ১৯৯৭-৯৮ সালে ঘিওর উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বানিয়াজুরী থেকে ভাঁঠইমুড়ি পর্যন্ত প্রায় ছয় কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়। স্থানীয় লোকজন বাঁধটি বিকল্প রাস্তা হিসেবেও ব্যবহার করে আসছে। এই বাঁধের ওপর দিয়েই চলাচল করছে মাটিবাহী ট্রাক।গত রোববার সরেজমিনে গিয়ে দেখা যায়, বাগবানিয়াজুরী এলাকায় বাঁধের পাশের একটি নিচু জমি থেকে ভেকু দিয়ে মাটি উত্তোলন করা হচ্ছে। এসব মাটি ট্রাকযোগে আশপাশের বিভিন্ন ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিনিয়ত মাটিবাহী ট্রাক চলাচলের কারণে বাঁধের বেশ কিছু অংশ দেবে গেছে।স্থানীয় বাসিন্দারা জানান, বাঁধের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ থাকলেও তা মানা হচ্ছে না। গত বছর শুষ্ক মৌসুমে বাঁধের আরও কয়েকটি অংশ কেটে একই রকম ঢালু করে ট্রাকযোগে মাটি বিভিন্ন ইটভাটায় নেওয়া হয়েছিল। এবারও স্থানীয় আবুল হাসেম ও জুয়েল রানা নামের দুজন মাটি ব্যবসায়ী ইটভাটায় মাটি সরবরাহ করছেন। তাঁরা বাঁধের কয়েক শ গজ পশ্চিম পাশে নিচু জমি থেকে মাটি তুলছেন। এরপর এসব মাটি ট্রাকযোগে বাঁধের ওপর দিয়ে বিভিন্ন ইটভাটায় নেওয়া হচ্ছে।বাগবানিয়াজুরী গ্রামের জুলমত আলী ও মোশারফ হোসেন বলেন, দুই বছর ধরে ট্রাকযোগে বাঁধের ওপর দিয়ে বিভিন্ন ইটভাটায় মাটি নেওয়া হচ্ছে। মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় গ্রামবাসী কেউ প্রতিবাদ করতে সাহস পায় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না।মাটি ব্যবসায়ী আবুল হাসেম বলেন, ‘বাঁধের ওপর দিয়ে বড় যানবাহন চলাচল নিষেধ, এটা সত্যি। তবে ট্রাক চলাচলে এর তেমন কোনো ক্ষতি হবে না। মাটি কাটা শেষ হলে ঢালু অংশে মাটি ফেলে ভরাট করে দেওয়া হবে।’জেলা প্রশাসক মো. মাসুদ করিম বলেন, বাঁধটি সংরক্ষণের দায়িত্ব পাউবোর কর্মকর্তাদের। এ ব্যাপারে তাঁরা কোনো সহাযোগিতা চাইলে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ-উল ইসলাম বলেন, এ ব্যাপারে কেউ কোনো অভিযোগ করেননি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ উদ্যোগ নিলে এ কাজে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।পাউবোর মানিকগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল মতিন প্রথম আলোকে বলেন, বাঁধের ওপর মাটিবোঝাই ট্রাক চলাচলের বিষয়টি তাঁদের জানা নেই। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ। এভাবে ট্রাকযোগে মাটি পরিবহন করায় বাঁধটি ক্ষতিগ্রস্ত হবে এবং হুমকিতে পড়বে। এ ব্যাপারে খোঁজখবর নিয়ে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।