বন্যানিয়ন্ত্রণ বাঁধের প্রস্থ উচ্চতা দুই-ই কম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের কোমরপুর খেয়াঘাট থেকে মালোপাড়া পর্যন্ত বেড়িবাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। জলাবদ্ধতা দূর করার লক্ষ্যে এ বাঁধ নির্মাণ করা হয়। কিন্তু ঠিকাদারেরা অনিয়ম করায় জলাবদ্ধতা দূর করা সম্ভব হবে না বলে এলাকাবাসী আশঙ্কা করেছেন। তাই তাঁরা এ ব্যাপারে স্থানীয় সাংসদ, জেলা প্রশাসকসহ বিভিন্ন সরকারি কার্যালয়ে ৩১ জুলাই লিখিত অভিযোগ দিয়েছেন।জানা গেছে, প্রতিবছর বর্ষা মৌসুমে কপোতাক্ষ নদের পানি উপচে সাগরদাঁড়ি ইউনিয়নের কোমরপুর ও সাগরদাঁড়ি গ্রামে জলাবদ্ধতা দেখা দেয়। এ সময় এলাকার লোকজনের বাড়িতে পানি ঢুকে পড়ায় তাদের উঁচু রাস্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানে আশ্রয় নিতে হয়। ছয় মাস ধরে তাদের এভাবে উদ্বাস্তু থাকতে হয়। এ দুর্ভোগ দূর করার জন্য এলাকাবাসী কপোতাক্ষ নদের পাশ দিয়ে দীর্ঘদিন ধরে একটি বন্যা নিয়ন্ত্রণ বাঁধ তৈরির আবেদন জানিয়ে আসছিল। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধ নির্মাণ শুরু করে।পাউবো কেশবপুর কার্যালয় সূত্রে জানা গেছে, জুন মাসে কোমরপুর খেয়াঘাট থেকে সাগরদাঁড়ি মালোপাড়া পর্যন্ত ৩ দশমিক ২৩৫ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করা হয়। এ জন্য ৪৯ লাখ ২৬ হাজার টাকা বরাদ্দ করা হয়।পাউবো সূত্রে আরও জানা গেছে, পাঁচটি গ্রুপে ভাগ করে ঠিকাদারদের দিয়ে বাঁধ নির্মাণের কাজ করা হয়। এর মধ্যে ১৬ লাখ ৮৪ হাজার টাকায় এক ও দুই নম্বর গ্রুপের কাজ পায় পানি ব্যবস্থাপনা সমিতি, ১০ লাখ ৩৯ হাজার টাকায় তিন নম্বর গ্রুপের কাজ পায় মডার্ন এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান, ১১ লাখ ৬৪ হাজার টাকার চার নম্বর গ্রুপের কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সোনিয়া এন্টারপ্রাইজ এবং পাঁচ নম্বর গ্রুপে ১০ লাখ ৩৯ হাজার টাকার কাজ পায় কামরুজ্জামান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। দরপত্রের শর্ত অনুসারে বাঁধের উচ্চতা পাঁচ থেকে সাত ফুট ও প্রস্থ ১৩ ফুট হওয়ার কথা। ১০ জুন থেকে কাজ শুরু করে ২৯ জুনের মধ্যে কাজ শেষ করতে হবে।বাঁধ নির্মাণের ব্যাপক অনিয়ম হয়েছে বলে এলাকাবাসী ৩১ জুলাই ঠিকাদারি প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে জাতীয় সংসদের হুইপ ও যশোর-৬ আসনের সাংসদ শেখ আবদুল ওহাব, যশোরের জেলা প্রশাসক ও কেশবপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন।এলাকাবাসীর লিখিত অভিযোগে উল্লেখ করা হয়েছে, দরপত্রের শর্ত অনুযায়ী বাঁধের দুই ধারের ঢাল ও উচ্চতা সঠিক মাপে করা হয়নি। পাউবোর কর্মকর্তা ঠিকাদার ও সংশ্লিষ্ট ব্যক্তিরা দুর্নীতির মাধ্যমে বাঁধ নির্মাণের নামে অর্থ আত্মসাৎ করেছেন। বাঁধ নির্মাণের কাজ পাওয়া স্থানীয় পানি ব্যবস্থাপনা সমিতির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান বলেন, ‘আমাদের কাজের মান ভালো হয়েছে। তবে কাজে কিছু ত্রুটি-বিচ্যুতি থাকতেই পারে।’সরেজমিনে বাঁধের বিভিন্ন স্থান ঘুরে দেখা গেছে, হোড়ের খাল এলাকায় বাঁধের পাশের বাবলাগাছের চিহ্নিত করা স্থান থেকে উচ্চতা দেড় ফুট কম। মাঠে কাজ করতে আসা কোমরপুর গ্রামের গুলজার খান বলেন, ‘বাঁধের উচ্চতা ও ঢাল কম হয়েছে। উচ্চতা দেড় ফুট বেশি হলে বন্যার হাত থেকে আজীবন রক্ষা পেতাম।’সাগরদাঁড়ি দায়পাড়ায় গিয়ে দেখা যায়, এখানেও উচ্চতা দেড় ফুট কম। এখানে বাঁধের প্রস্থ ১০ ফুটেরও কম। ঢাল বলতে কিছুই নেই। সাগরদাঁড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাহাজ উদ্দীন অভিযোগ করে বলেন, বাঁধটি নিয়মমাফিক করা হয়নি। এতে শুধু সরকারি অর্থের অপচয় হয়েছে।কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত পাউবোর উপসহকারী প্রকৌশলী ওবায়দুল হক মল্লিক জানান, মাটির কাজ কখনোই শতভাগ সঠিক হয় না। তিনি বাঁধের উচ্চতা কম হওয়ার কথা স্বীকার করেছেন। ইউএনও শাহিদা সুলতানা বলেন, ‘বাঁধের কাজে অনিয়মসংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। এ বিষয়ে সহকারী কমিশনারকে (ভূমি) তদন্ত করার দায়িত্ব দিয়েছি।’পাউবোর উপবিভাগীয় প্রকৌশলী আবদুল মোতালেব দাবি করেন, কাজের মান খুব ভালো হয়েছে। অল্প সময়ের মধ্যে এর চেয়ে ভালো কাজ করা সম্ভব নয়।