
দেশে গড়ে তিন বছর পরপর বড় বন্যা হয়। এতে কৃষকের ফসল নষ্ট হওয়ার পাশাপাশি তাঁদের গবাদিপশু, বাড়িঘর ও অন্যান্য সহায়-সম্পত্তিও নষ্ট হয়। ত্রাণ দিয়ে ওই ক্ষতি সব সময় পোষানো যায় না। কৃষকের জন্য বন্যাবিমা চালু করা গেল তা কৃষকের জন্য সবচেয়ে বেশি কার্যকর হবে। বেসরকারি সংস্থা
ও বিমা কোম্পানিগুলো এ ধরনের বিমা পরীক্ষামূলকভাবে চালু করেছে। তবে সরকারের উদ্যোগ ও সহযোগিতা ছাড়া তা সারা দেশে কার্যকরভাবে চালু করা সম্ভব নয়।
গতকাল রোববার প্রথম আলো আয়োজিত ‘বন্যার ঝুঁকি মোকাবিলায় আপৎকালীন বিমা বাস্তবায়নে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেন। আন্তর্জাতিক সংস্থা অক্সফামের সহযোগিতায় ওই বৈঠকে সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি সংস্থার নীতিনির্ধারক পর্যায়ের প্রতিনিধিরা বক্তব্য দেন। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন অক্সফামের কমিউনিকেশন ম্যানেজার মনজুর রশীদ এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সত্যব্রত সাহা বলেন, বাংলাদেশের মানুষের কাছে বিমা নিয়ে নেতিবাচক ধারণা রয়েছে। বিমা কোম্পানিগুলোর ওপর মানুষের আস্থা কম। সামাজিক নিরাপত্তা কর্মসূচির একটি অংশ বন্যাবিমার অংশ হিসেবে দেওয়া যেতে পারে। দেশের কৃষকের বড় অংশ জমির মালিকের কাছ থেকে এককালীন অর্থ দিয়ে ইজারা নিয়ে চাষ করে। কিন্তু দেশের বিমা আইন অনুযায়ী জমির মালিক ফসলের ক্ষতিপূরণ পাবেন। এ ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব (বিমা ও অন্যান্য) মানিক চন্দ্র দে বলেন, দেশের দশমিক ৭ শতাংশমানুষ বিমার আওতায় এসেছে। ভারতে এই হার ৪ শতাংশ। সরকার গ্রামীণ পর্যায়ে গবাদিপশুর জন্য বিমা চালুর উদ্যোগ নিয়েছে। কৃষকের বিমাসুবিধা দিতে সরকার আস্তে আস্তে এগোচ্ছে, বিধিবিধান তৈরি করছে।
অক্সফাম, বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক এম বি আখতার বলেন, আমাদের মনটা একুশ শতকের, কিন্তু শরীরটা যদি বিশ শতকের হয়, তাহলে হবে না। আমরা সিরাজগঞ্জে পরীক্ষামূলকভাবে বন্যাবিমা চালু করার সময় পরিকল্পনা করেছিলাম বন্যার পানিতে কৃষকের ক্ষতি হওয়ার সঙ্গে সঙ্গে তাঁদের ক্ষতিপূরণের টাকা দেওয়া হবে। কিন্তু এর মাঝখানে অনেক ধরনের প্রক্রিয়াগত জটিলতার কারণে কৃষকের টাকা পেতে দুই মাসের বেশি সময় লেগে গেছে। তবে সবাই মিলে সদিচ্ছা নিয়ে এগোলে বন্যা বিমা চালু করা সম্ভব।
আরও পড়ুন...