সম্প্রতি দুই দফা বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ ১৯৯১ সালের ঘূর্ণিঝড়কে হার মানিয়েছে। ব্যাপক প্রাণহানি না ঘটলেও মৎস্য, কৃষি ও সড়কের বিশাল ক্ষতি হয়েছে। এ ক্ষতি সহজে কাটিয়ে ওঠা সম্ভব নয়। তাই সরকারিভাবে কক্সবাজারের চকরিয়া উপজেলাকে বন্যাদুর্গত এলাকা ঘোষণা করে বিশেষ বরাদ্দ দেওয়ার দাবি জানিয়েছে ‘আমরা চকরিয়াবাসী’ নামে একটি সংগঠন।
গতকাল বৃহস্পতিবার বিকেলে চকরিয়া প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য দেন চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও চকরিয়ার বাসিন্দা সৈয়দ সাহাবুদ্দিন মাহমুদ, চকরিয়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবু মো. বশিরুল আলম, চকরিয়া সিটি কলেজের প্রভাষক হারুণ সরওয়ার বাদল, মৎস্যজীবী সম্প্রদায়ের নেতা দুলাল চন্দ্র জলদাশ প্রমুখ।
আমরা চকরিয়াবাসীর আহ্বায়ক ও চকরিয়া বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ এ কে এম গিয়াস উদ্দিন লিখিত বক্তব্যে বলেন, ১৬ হাজার বসতঘর সম্পূর্ণ ও ৩৪ হাজার ৪৫০টি বসতঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। অনেক পরিবার এখনো খোলা আকাশের নিচে বেড়িবাঁধ ও মহাসড়কের বসবাস করছে। তাঁদের পুনর্বাসন দরকার। কৃষি ও মৎস্য খাতের ক্ষতির প্রভাব জনজীবনে পড়তে শুরু করেছে। এতে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
মুক্তিযোদ্ধা কমান্ডার আবু মো. বশিরুল আলম বলেন, উপকূলীয় অঞ্চলের বেশির ভাগ বেড়িবাঁধ বিধ্বস্ত হয়েছে। সরকার বরাদ্দও দিচ্ছে। তাঁর অভিযোগ, যে যার মতো তদবির করে বরাদ্দ এনে লুটপাট করছে।