বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় কাপড় বিতরণ
চট্টগ্রামের সাতকানিয়ায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুস্থ প্রায় ১ হাজার ৫০০ নারী-পুরুষকে শাড়ি ও লুঙ্গি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার কেরানীহাটের একটি কমিউনিটি সেন্টারে চট্টগ্রাম জেলা কমিউনিটি পুলিশিংয়ের উদ্যোগে এসব কাপড় দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার এ কে এম হাফিজ আক্তার।
বক্তারা বলেন, মাদক ব্যবসা ও অস্ত্রধারী ব্যক্তি যে দলেরই হোক না কেন তাদের অবশ্যই আইনের আওতায় আনা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (চট্টগ্রাম দক্ষিণ) মো. হাবিবুর রহমান, সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এ কে এম এমরান ভূঞা, সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ মোতালেব, সাতকানিয়া সমিতি চট্টগ্রামের সভাপতি আবুল বশর, সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন খন্দকার, উপজেলার ছদাহা ইউনিয়নের চেয়ারম্যান মোশাদ হোসেন চৌধুরী প্রমুখ।