বন্যায় ক্ষয়ক্ষতির হিসাবের সঙ্গে জনপ্রতিনিধিদের ভিন্নমত
সাম্প্রতিক বন্যায় চট্টগ্রামের ১৫ উপজেলায় ৬ লাখ ৬৩ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ১ হাজার ২৯০টি বাড়ি সম্পূর্ণ এবং ২১ হাজার ৩৪৫টি বাড়ি আংশিক বিধ্বস্ত হয়েছে। এ ছাড়া প্রায় দেড় হাজার কিলোমিটার সড়ক এবং ১৬০ কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে।
গতকাল সোমবার অনুষ্ঠিত সমন্বয় সভায় জেলা প্রশাসন থেকে ক্ষয়ক্ষতির এ চিত্র তুলে ধরা হয়। তবে সভায় উপস্থিত জনপ্রতিনিধিরা ক্ষয়ক্ষতির এই হিসাবের সঙ্গে ভিন্নমত পোষণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন। প্রধান অতিথি ছিলেন রেলপথ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সদস্য সাংসদ এ বি এম ফজলে করিম চৌধুরী। এ ছাড়া সাংসদ মোস্তাফিজুর রহমান, নজরুল ইসলাম চৌধুরী, আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদবী ও দিদারুল আলম বৈঠকে উপস্থিত ছিলেন।
সাংসদ ফজলে করিম চৌধুরী বলেন, ‘আকস্মিক বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক। আমরা প্রতিটি বিভাগের মধ্যে সমন্বয় করে ক্ষয়ক্ষতির একটি সঠিক চিত্র নেওয়ার চেষ্টা করছি। জেলা প্রশাসন যে হিসাব দিয়েছে, তার সঙ্গে অনেক ক্ষেত্রে কমবেশি হবে। তাই সঠিক চিত্র নিয়ে আমরা ত্রাণ ও পুনর্বাসনের জন্য প্রধানমন্ত্রী বরাবরে আবেদন জানাব।’
চন্দনাইশের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী জেলা প্রশাসনের দেওয়া হিসাবের সঙ্গে দ্বিমত পোষণ করে বলেন, ‘আমার উপজেলায় মাত্র ৭০ কিলোমিটার রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দেখানো হয়েছে। প্রকৃতপক্ষে তা আরও অনেক বেশি হবে।’
রাউজান উপজেলা পরিষদের চেয়ারম্যান এহছানুল হায়দার চৌধুরী বলেন, রাউজানে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও অনেক বেশি হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘আমরা একটি প্রাথমিক হিসাব করেছি। এই ক্ষয়ক্ষতির হিসাব সমন্বয় করার জন্য এ সভা ডাকা হয়েছে।’ তিনি জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকায় ৪১৯ টন চাল ও ১২ লাখ ১৪ হাজার টাকা সাহায্য দেওয়া হয়েছে।
সভায় ১৫ উপজেলার চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।