বন্যায় চট্টগ্রামে মাছ চাষে ক্ষতি ৮ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যায় চট্টগ্রামে বিভিন্ন মৎস্য খামার ও পুকুরের মাছ ভেসে গিয়ে প্রায় ৮ কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। এতে অনেক মৎস্য খামারি পথে বসেছেন। গতকাল শনিবার জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরা হয়।
চট্টগ্রাম নগরের প্রেসক্লাবে বিকেলে এ মতবিনিময় সভা হয়। এতে জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব জানান, চলমান বন্যায় জেলার বিভিন্ন উপজলায় পুকুর ও জলাশয় ডুবে হাজার হাজার মাছচাষি পথে বসেছেন। এর মধ্যে বেশি ক্ষতি হয়েছে পটিয়ায়। তিনি জানান, বন্যা পরিস্থিতি এখনো প্রায় অপরিবর্তিত রয়েছে। সে কারণে ক্ষয়ক্ষতির পুরো চিত্র পাওয়া যায়নি। তবে ক্ষতি ৮ কোটি টাকার বেশি হবে।
প্রভাতী দেব জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী বাঁশখালীতে ৪ হাজার হেক্টর ও আনোয়ারায় ৬৮০ হেক্টর চিংড়িঘের তলিয়ে গেছে। এ ছাড়া হাটহাজারীতে ৪০০ পুকুর, রাউজানে ২৩১ পুকুর, পটিয়ায় প্রায় সবগুলো পুকুর ও জলাশয় তলিয়ে গেছে। তবে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সরকারিভাবে আর্থিক সহযোগিতা করার কোনো উদ্যোগ আপাতত নেই বলে জানান তিনি।
মতবিনিময় সভায় সামুদ্রিক মৎস্য দপ্তরের পরিচালক নাসির উদ্দিন মো. হুমায়ুন, সহকারী পরিচালক আমিনুল ইসলাম, সহকারী পরিচালক অধীর চন্দ্র দাশ, মৎস্য মান নিয়ন্ত্রণ কর্মকর্তা শাহজাহান আলী, মান নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় মাছ চাষ, উৎপাদন, জাটকা ও পোনা নিধন এবং ফরমালিনের বিরুদ্ধে অভিযানের বিভিন্ন চিত্র তুলে ধরা হয়।