বন্যায় জামালপুরের ৪২১ শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষতি
বন্যায় জামালপুরের ছয়টি উপজেলায় ৪২১টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষয়ক্ষতি হয়েছে। কিন্তু ক্ষতিগ্রস্ত বিদ্যালয়গুলো মেরামতের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি।
জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, বন্যায় জামালপুর সদর উপজেলায় আটটি, ইসলামপুরে ১০৮টি, দেওয়ানগঞ্জ ৫১টি, মেলান্দহে ৪৫টি, বকশীগঞ্জে আটটি, সরিষাবাড়িতে ৩২টি ও মাদারগঞ্জে ৩২টিসহ মোট ২৮৪টি প্রাথমিক বিদ্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে।
জেলার সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবদুর রাজ্জাক প্রথম আলোকে বলেন, বন্যার পানি কমে যাওয়ায় ২৩৬টি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস শুরু হয়েছে। জেলার প্রাথমিক বিদ্যালয়গুলোর সার্বিক মেরামতের জন্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা উপপরিচালকের কাছে আড়াই কোটি টাকা চাওয়া হয়েছে।
আবদুর রাজ্জাক আরও বলেন, এখন পর্যন্ত বিদ্যালয়গুলো মেরামতের জন্য কোনো বরাদ্দ পাওয়া যায়নি। বরাদ্দ পেলে অবকাঠামোগত মেরামত করে বন্ধ থাকা বিদ্যালয়গুলো দ্রুত চালু করা হবে। এ ছাড়াও আগামী ২৩ নভেম্বর সমাপনী পরীক্ষা হওয়ায় বিদ্যালয়গুলোর প্রধান শিক্ষকদের অতিরিক্ত ক্লাসে নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আহছান হাবিব বলেন, বন্যার কারণে তিন সপ্তাহ বিদ্যালয়টি বন্ধ ছিল।আজ ক্লাস শুরু করা হলেও মাত্র ২০ জন শিক্ষার্থী উপস্থিত হয়েছে।
জেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে জানা যায়, বন্যায় সদর উপজেলায় পাঁচটি, ইসলামপুরে ৩৫টি, দেওয়ানগঞ্জে ১৩টি, মেলান্দহে ১৯টি, সরিষাবাড়িতে ১৫টি, মাদারগঞ্জে ৫০টিসহ মোট ১৩৭টি মাধ্যমিক বিদ্যালয়ের ক্ষতি হয়েছে।
জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক খান বলেন, নভেম্বরের প্রথম সপ্তাহে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা থাকায় কিছু বিদ্যালয়কে বিকল্প ব্যবস্থায় ক্লাস শুরু করতে বলা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়গুলোর মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দেড় কোটি টাকা চাওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বরাদ্দ পাওয়া যায়নি।