বন্যায় ত্রাণ বিতরণে ১৪ দলের দুটি দল গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল। বন্যাদুর্গতদের সহায়তায় ১৪ দলের পক্ষ থেকে দুটি কমিটিও করা হয়েছে। গতকাল বুধবার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের সভা শেষে সমন্বয়ক ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর অন্যতম সদস্য মোহাম্মদ নাসিম সাংবাদিকদের এ তথ্য জানান।
মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর নেতৃত্বে একটি দল ১২ সেপ্টেম্বর উত্তরাঞ্চলের পাঁচটি জেলায় ত্রাণ বিতরণ করবে। সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের নেতৃত্বে আরেকটি দল সুবিধাজনক সময়ে দক্ষিণাঞ্চলে ত্রাণ বিতরণ করবে। এ ছাড়া সংখ্যালঘুদের সমস্যার কথা তাৎক্ষণিক শোনার জন্য একটি সেল গঠন করা হয়। এই সেলে মোহাম্মদ নাসিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ ১৪ দলের নেতারা রয়েছেন।
১৪ দলের সমন্বয়ক বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন স্কেল মন্ত্রিসভায় পাস হওয়ায় ১৪ দল সরকারকে স্বাগত জানিয়েছে। একই সঙ্গে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন স্কেলে বৈষম্য দূর ও স্বতন্ত্র বেতনকাঠামো প্রদানের বিষয়টি সরকারকে বিবেচনা করার আহ্বান জানানো হয়েছে।