বন্যায় পটিয়ায় ১৫ কোটি টাকার মাছ ভেসে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণ ও বন্যায় চট্টগ্রামের পটিয়া পৌরসভাসহ উপজেলার ২২ ইউনিয়নের প্রায় তিন হাজার পুকুর ও খামারের মাছ পানিতে ভেসে গেছে। এতে পথে বসেছেন কয়েক শ মৎস্যচাষি।
উপজেলা মৎস্য অফিস সূত্র জানায়, চট্টগ্রাম জেলার মধ্যে পটিয়ায় সবচেয়ে বেশি মাছের রেণু ও পোনা উৎপাদিত হয়। পৌরসভাসহ উপজেলার ২২ ইউনিয়নের ১০ হাজার ৫০০টি পুকুর ও খামারে মাছ চাষ হয়।
পটিয়া উপজেলার মৎস্য কর্মকর্তা আনিসুজ্জামান প্রথম আলোকে জানান, বন্যায় উপজেলার তিন হাজার পুকুর ও খামারে মাছসহ পোনা ও রেণু পানিতে ভেসে গেছে। এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষতি হয়েছে।
উপজেলার কুসুমপুরা ইউনিয়নের হরিণখাইন গ্রামের বারী অ্যাগ্রো ফার্মের মালিক বজলুল বারী চৌধুরী জানান, তাঁর ছয়টি পুকুরসহ ১০ একর খামারের মাছ ভেসে গেছে। নাইলোটিকা, রুই, কাতল মাছ পানিতে ভেসে গেছে। তিনি দাবি করেন, টানা বর্ষণ ও বন্যায় তাঁর ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ভাটিখাইন ইউনিয়নের মৎস্য চাষি মো. হেলাল উদ্দিন জানান, ভাটিখাইন ও ছনহরা ইউনিয়নে রেণুর প্রজেক্টসহ তাঁর ২৭টি পুকুর আছে। এর মধ্যে চারটি রেণু চাষের প্রজেক্টসহ ১৬টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ১৬ লাখ টাকার ক্ষতি হয়।
কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট এলাকার ওয়াসিল ফকির মৎস্য খামারের মালিক মো. এজার মিয়া জানান, তাঁর ৭০টি পুকুরের মধ্যে ১২টি পুকুরের মাছ ভেসে গেছে। এতে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।