সাম্প্রতিক বন্যায় দেশের ৩৪টি জেলার ৩৯ হাজার ১০২ হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বৃহস্পতিবার কৃষি মন্ত্রণালয় সংসদীয় কমিটিকে এ তথ্য জানিয়েছে।
সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, সংসদ ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে কৃষি মন্ত্রণালয় জানিয়েছে, দেশব্যাপী অতিবৃষ্টি ও বন্যার কারণে কৃষকের ফসলের ক্ষতি হয়েছে। আরও কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা জানতে কৃষি অধিদপ্তর থেকে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বৈঠকে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের সব দপ্তরে সার রক্ষণাবেক্ষণের দায়িত্বে তিন বছরের বেশি সময় আছেন এমন কর্মকর্তাদের বদলির সুপারিশ করা হয়।
এ ছাড়া ভৈরবের গুদামে সারের ঘাটতি থাকার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে সমপরিমাণ টাকা আদায়ে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীসহ আবদুর রাজ্জাক, আবদুল মান্নান, এ কে এম রেজাউল করিম তানসেন, নুরুল ইসলাম ওমর ও উম্মে কুলসুম অংশ নেন।