বন্যার আবার অবনতি

পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে নদ-নদীর পানি বেড়ে দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির আকস্মিক অবনতি হয়েছে। বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় সম্প্রতি বন্যার কিছুটা উন্নতি হয়েছিল। বন্যার অবনতি হওয়ায় অন্তত আটটি জেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে বাড়িঘর, ফসলের খেত।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্যকেন্দ্রের বরাত দিয়ে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বাসসের খবরে বলা হয়, আগামী ৪৮ ঘণ্টায় উত্তর, মধ্য ও উত্তর-পূর্বাঞ্চলের জেলাগুলোর বন্যা পরিস্থিতির অবনতি হতে পারে। দেশের নদ-নদীর ২৬টি স্থানে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ঢাকা শহর-সংলগ্ন নদীগুলোর পানিও বাড়ছে। আগামী ৭২ ঘণ্টা পর্যন্ত এই ধারা অব্যাহত থাকতে পারে।
প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর:
সিলেট: উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ফের বন্যা দেখা দিয়েছে সিলেটের আট উপজেলায়। গতকাল সকাল থেকে টানা ভারী বর্ষণ শুরু হলে এ বন্যার আরও অবনতি হয়। দেড় শতাধিক গ্রামের মানুষ এখন পানিবন্দী অবস্থায় কাটাচ্ছে। জেলার তিনটি পাথর কোয়ারি তলিয়ে যাওয়ায় প্রায় অর্ধলাখ শ্রমিক কয়েক দিন ধরে বেকার সময় কাটাচ্ছেন।
বন্যায় গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, কানাইঘাট ও দক্ষিণ সুরমা উপজেলার বিভিন্ন সড়ক ডুবে গেছে। এতে সড়কপথে উপজেলা সদরের সঙ্গে অধিকাংশ ইউনিয়নের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। বন্যার অবনতি হতে থাকায় জরুরি ভিত্তিতে জেলা প্রশাসনের কার্যালয়ে একটি নিয়ন্ত্রণকক্ষ খোলা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে বিভিন্ন উপজেলার আশ্রয়কেন্দ্র।
সিলেট শহরতলির নিচু এলাকা ও বস্তিতে বৃষ্টির পানিতে দেখা দিয়েছে জলাবদ্ধতা। দু-এক দিন এমন বৃষ্টিপাত হলে জেলা শহরের সঙ্গে উপজেলাগুলোর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন অনেকে।
কুড়িগ্রাম: জেলায় আবার বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ধরলা, ব্রহ্মপুত্র, তিস্তাসহ অন্যান্য নদ-নদীর পানি দ্রুত বেড়ে প্লাবিত হয়েছে নদীতীরবর্তী শতাধিক গ্রাম, চর ও দ্বীপচর। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত ৫০ হাজার মানুষ। রাজীবপুর উপজেলার মোহনগঞ্জ ও উলিপুরের নাগরাকুড়ায় নদীভাঙন দেখা দিয়েছে। বন্যার পানি নেমে যেতে না যেতেই আবার পানি বেড়ে গিয়ে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছে বানভাসি মানুষ। জেলায় এখন পর্যন্ত ৩৫ হাজার ৩০০ হেক্টর জমির রোপা আমন সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
লালমনিরহাট: তিস্তার পানি অপরিবর্তিত থাকলেও তা বৃদ্ধির আশঙ্কা করছে পানি উন্নয়ন বোর্ড। ভারী বৃষ্টি ও উজানের ঢলে গতকাল সকাল থেকে জেলার দোয়ানীতে অবস্থিত বৃহৎ সেচ প্রকল্প তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বিপৎসীমার ৩০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। দুদিন ধরে পানিবন্দী হয়ে আছে ডিমলা ও জলঢাকা উপজেলার প্রায় ২০টি গ্রামের ৫ হাজারের বেশি পরিবার। জেলা প্রশাসক মো. জাকীর হোসেন বলেন, বন্যাকবলিত মানুষের জন্য প্রাথমিকভাবে শুকনা খাবারের ব্যবস্থা করা হয়েছে।
চট্টগ্রাম: টানা বর্ষণ ও অস্বাভাবিক জোয়ারে আনোয়ারা উপজেলার ১০টি গ্রাম প্লাবিত হয়েছে। ভাঙনে তলিয়ে গেছে শঙ্খপাড় এলাকার ২৬টি বাড়িঘর। টানা বর্ষণের পাশাপাশি শঙ্খ নদে পানি বাড়ায় প্রবল জোয়ারে বাছা মিয়া মাঝির ঘাট, সরেঙ্গা ও ফকিরহাট, গোদারপাড়, চৌকিদারপাড়া, মৌলভীবাজার, লামারবাজার, দক্ষিণ তৈলারদ্বীপ এলাকার বেড়িবাঁধ ভেসে গেছে।
কক্সবাজার: পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নের কাকপাড়া, উজানটিয়া ইউনিয়নের টেকপাড়া ও পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম গোঁয়াখালী এলাকার বেড়িবাঁধ জোয়ারের তোড়ে ভেঙে গেছে। এতে প্লাবিত হয়েছে অন্তত ২৮টি গ্রাম। উপজেলা পরিষদের চেয়ারম্যান শাফায়েত আজিজ বলেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ করতে না পারলে বছরের অর্ধেক সময় এখানকার মানুষকে পানিবন্দীই থাকতে হবে।
জোয়ার ও উজানের পাহাড়ি ঢলে গতকাল টেকনাফ পৌরসভা, সাবরাং ও হ্নীলা ইউনিয়নের ২৫টি গ্রামও প্লাবিত হয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৭০ হাজার মানুষ। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ মোজাহিদ উদ্দিন বলেন, বিভিন্ন স্থানে বেড়িবাঁধের ভাঙা অংশ দিয়ে জোয়ারের সঙ্গে পাহাড়ি ঢলের পানি ঢুকে এলাকাগুলো প্লাবিত হচ্ছে।
নোয়াখালী: প্রবল জোয়ারে গতকাল পঞ্চম দিনের মতো হাতিয়ার চারটি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এতে তলিয়ে গেছে বেশির ভাগ রাস্তাঘাট, বাড়িঘর ও শিক্ষাপ্রতিষ্ঠান। অন্তত ১১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে স্বাভাবিক পাঠদান। টানা বৃষ্টিপাতে গতকাল উপজেলা সদর ও আশপাশের এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা।
খাগড়াছড়ি: দীঘিনালায় ১২ দিনের ব্যবধানে প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট দ্বিতীয় দফা বন্যায় চার শতাধিক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল বিকেলে ১ নম্বর মেরুং ইউনিয়নের তিনটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে ৪০টি পরিবার। উপজেলার সঙ্গে রাঙামাটির লংগদু উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। দীঘিনালা-লংগদু সড়কের বড় মেরুং ছড়ার ওপর বেইলি সেতু তলিয়ে যাওয়ায় দুই পাশে যানবাহন আটকা পড়েছে।
সুনামগঞ্জ: টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাতটি উপজেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বিশ্বম্ভরপুর-তাহিরপুর সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। সুরমার পানি গতকাল সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টে বিপৎসীমার ৫৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ নদীর পানি গতকাল কিছুটা কমলেও জেলার ভাটি এলাকা হিসেবে পরিচিত দিরাই ও শাল্লা উপজেলায় পানি বেড়েছে।