ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, শেরপুর, সিরাজগঞ্জ, বগুড়ার সারিয়াকান্দি ও ধুনটে নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গতকাল বুধবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে জানানো হয়েছে, এ জেলাগুলো ছাড়াও কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ ও সিলেট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি আগামী ১২ ঘণ্টায় আরও অবনতি হতে পারে। গতকাল বুধবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত কেন্দ্রের ৭৩টি পর্যবেক্ষণ স্টেশনের মধ্যে ৪২টি স্টেশনে নদ-নদীর পানি বেড়েছে। কমেছে ২৭টির। স্থিতিশীল আছে তিনটির। একটির প্রতিবেদন জানা যায়নি। এর মধ্যে ১১টি স্টেশনে নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, তীব্র স্রোতে পাউবোর কাজীপুর-সিরাজগঞ্জ বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বালুঘুঘরি নামক স্থানে বাঁধ থেকে ১৫ ফুট দূরে নিচের অংশ ভাঙতে শুরু করেছে। শাহজাদপুর উপজেলার ১৩টি ইউনিয়নসহ নয় উপজেলার ২৯টি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। বন্যা নিয়ন্ত্রণ বাঁধের অভ্যন্তরে প্রায় ৬০টি গ্রাম প্লাবিত হয়ে পড়েছে। প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়েছে। সিরাজগঞ্জ শহর রক্ষাবাঁধের এ বছর ধসে যাওয়া স্থানটিও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ ছাড়া নদীর তীরবর্তী সদর উপজেলার বিয়ারা ও বাঐতারা, বেলকুচি উপজেলার রান্ধুনীবাড়ী, শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়ন এবং কৈজুরী ইউনিয়নের গুদিবাড়ী এলাকায় নতুন করে ভাঙন শুরু হয়েছে। সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ উপপরিচালকের দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা আবদুল জহের আলী জানান, গত কয়েকদিনে অব্যাহত পানি বাড়ার কারণে জেলার নয়টি উপজেলার নিচু এলাকায় সদ্য রোপণ করা এক হাজার ৩৪০ হেক্টর জমির রোপা আমন এবং ৫০০ হেক্টর রোপা আমন (শুধু শাহজাদপুর উপজেলার), ২২০ হেক্টর জমির মাষকলাই, ৬০০ হেক্টর জমির শাকসবজি পানির নিচে তলিয়ে গেছে। জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম জানান, বন্যাদুর্গতদের জন্য ৬০ মেট্রিক টন চাল ও নগদ দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও বরাদ্দ দেওয়া হবে। রাজবাড়ী: জেলার বন্যা পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত তিন দিনে জেলার পাংশা উপজেলার ২৫টি পরিবার নদী ভাঙনের শিকার হয়েছে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুর রহমান জানান, নতুন করে পদ্মায় পানি বাড়ার কারণে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বখশিপুর ও হাবাসপুর ইউনিয়নের চর আফরা গ্রামে ভাঙন দেখা দিয়েছে। গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান হাফিজুল ইসলাম জানান, তাঁর ইউনিয়নের বেথুরী ও সাজাপুর এলাকায় প্রতিদিনই জমি ও ঘর ভাঙছে। শেরপুর: ব্রহ্মপুত্র নদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় শেরপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। নতুন করে আরও দুটি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। বর্তমানে শেরপুর সদর ও শ্রীবরদী উপজেলার ছয়টি ইউনিয়নের ৩০টি গ্রাম বন্যার পানিতে প্লাবিত হয়েছে। এতে প্রায় ছয় হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শেরপুরের উপপরিচালক মো. বানেজ আলী মিয়া জানান, জেলায় ৯৮০ হেক্টর জমির রোপা আমন ফসল ও ৩০০ হেক্টর জমির সবজি খেত বন্যার পানিতে তলিয়ে গেছে। জামালপুর: জেলার বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। যমুনাপাড়ের দেওয়ানগঞ্জ, ইসলামপুর, মেলান্দহ ও মাদারগঞ্জ উপজেলার আরও ১৫টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। এসব ইউনিয়নের অন্তত ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি ও খাদ্য সংকট দেখা দিয়েছে। এ ছাড়া ব্রহ্মপুত্র, ঝিনাই ও জিঞ্জিরাম নদীর পানি বাড়ায় মেলান্দহ, সরিষাবাড়ী ও জামালপুর সদর উপজেলার নিচু এলাকার রোপা আপন ধান খেত পানিতে তলিয়ে গেছে। সাতটি উপজেলায় বন্যার্তদের জন্য ৪০ মেট্রিক টন চাল ও নগদ ৯০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে প্রশাসন। আজ বৃহস্পতিবার থেকে এসব ত্রাণ বিতরণ করা হবে।গাইবান্ধা: গত ২৪ ঘণ্টায় জেলার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, তারাপুর, গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর, কামারজানি, ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ি, ফজলুপুর, ফুলছড়ি সদর, গজারিয়া, উড়িয়া, সাঘাটা উপজেলার সাঘাটা সদর, ঘুড়িদহ ও হলদিয়া ইউনিয়ন প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে প্রায় ৫০ হাজার মানুষ। মোল্লারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুজ্জামান বলেন, ইউনিয়নের প্রায় পাঁচ হাজার লোক পানিবন্দী হয়ে পড়েছে। কিন্তু সরকারিভাবে পানিবন্দীদের উদ্ধার ও ত্রাণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়নি। জেলা প্রশাসক মো. শহীদুল ইসলাম বলেন, বন্যাকবলিত মানুষের মধ্যে ৪৭ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এ ছাড়া নদী ভাঙনকবলিত এক হাজার পরিবারের প্রত্যেককে এক হাজার টাকা করে অনুদান দেওয়া হয়।ফরিদপুর: পদ্মায় পানি বাড়া অব্যাহত থাকায় জেলার চরভদ্রাসন উপজেলার প্রায় তিন হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এর মধ্যে অন্তত ৫০টি বন্যাকবলিত পরিবার গতকাল বেপারীডাঙ্গী ও জয়দেব সরকারের ডাঙ্গী গ্রামের বেড়িবাঁধে আশ্রয় নিয়েছে বলে জানা গেছে। এ ছাড়া সদর ইউনিয়নের পদ্মার পাড় ঘেঁষে ৮০০, চর হরিরামপুর ইউনিয়নের ৭০০ ও চর ঝাউকান্দা ইউনিয়নের ৫০০ পরিবার পানিবন্দী অবস্থায় মানবেতর জীবন কাটাচ্ছে। সদরপুর উপজেলার পাঁচটি ইউনিয়ন বন্যাকবলিত হয়েছে। জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ জানান, এ পর্যন্ত ৩৫ দশমিক ৫৪০ টন চাল ও ৬৫ হাজার টাকা জেলার বন্যাদুর্গত ও ভাঙনকবলিত মানুষের মধ্যে বিতরণ করা হয়েছে।কুড়িগ্রাম: জেলায় গতকাল বন্যা পরিস্থিতি অপরিবর্তিত ছিল। বন্যার পানি আটকে থাকায় গত পাঁচ দিন পানিবন্দী রয়েছে প্রায় দুই লাখ মানুষ। বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে।