বন্যার উন্নতি, নদীভাঙন অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম ও ফরিদপুর জেলায় গতকাল শনিবার থেকে বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে সিরাজগঞ্জ ও মাদারীপুরের কালকিনি উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এদিকে কুড়িগ্রাম ও কালকিনিতে নদীভাঙন অব্যাহত রয়েছে।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: কুড়িগ্রাম: চিলমারী পয়েন্টে গতকাল ব্রহ্মপুত্রের পানি ১৩ সেন্টিমিটার কমে বিপৎসীমার দুই সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া কুড়িগ্রাম ফেরিঘাট পয়েন্টে ধরলার পানি সাত সেন্টিমিটার ও নুনখাওয়া পয়েন্টে দুধকুমার নদের পানি ২১ সেন্টিমিটার কমেছে। তবে কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১৩ সেন্টিমিটার বেড়েছে। আর পানি কমায় কুড়িগ্রামে নতুন করে নদীভাঙন দেখা দিয়েছে। ভাঙনে গত ৭২ ঘণ্টায় চিলামারী উপজেলার চিলমারী, নয়ারহাট, অষ্টমীর চর ও রাণীগঞ্জ ইউনিয়ন, সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়ন, উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের ৩৮৫টি পরিবার বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে গেছে। শত শত হেক্টর জমির রোপা আমনখেত সম্পূর্ণ নষ্ট হওয়ায় কৃষকদের মাথায় হাত পড়েছে। এদিকে কুড়িগ্রামের ঐতিহাসিক চিলমারী বন্দরকে ব্রহ্মপুত্র নদের ভয়াবহ ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে এলাকাবাসী গতকাল ব্যাঙমারাঘাট এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে।সমাবেশে বক্তব্য দেন গোলাম হায়দার, অজির আলী, তাজউদ্দিন আহমেদ, এছাহাক আলী, আবদুল হামিদ প্রমুখ। বক্তারা বলেন, চিলমারী বন্দর রক্ষায় পানি উন্নয়ন বোর্ড (পাউবো) যে প্রকল্প নিয়েছে, তার কাজ চলছে ধীরগতিতে। পুটিমারী, কাজলডাঙ্গা ও রাজার ভিটা এলাকায় প্রায় ৯৬ কোটি টাকা ব্যয়ে স্থায়ী প্রতিরক্ষা কাজ চললেও চিলমারী বন্দর এলাকায় এখনো কোনো কাজ করা হয়নি। ফলে মূল বন্দর এলাকা ক্রমেই ভেঙে নদীতে বিলীন হচ্ছে। ফরিদপুর: পদ্মা নদীর পানি কমতে শুরু করায় ফরিদপুরের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। তবে গতকাল দুপুরে ফরিদপুরে ভারি বর্ষণ হওয়ায় সড়ক, বেড়িবাঁধ ও গাছের নিচে আশ্রয় নেওয়া বন্যাদুর্গত মানুষকে চরম দুর্ভোগে পড়তে হয়েছে।সদর উপজেলার আলীয়াবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আখতারুজ্জামান জানান, অবিলম্বে বন্যাদুর্গত মানুষের জন্য পলিথিনের ব্যবস্থা করা প্রয়োজন। এদিকে গত বৃহস্পতিবার আলীয়াবাদ ইউনিয়নের উত্তর সাদিপুর গ্রামে বন্যার পানিতে ডুবে মারা যাওয়া শিশু সুমাইয়ার (৬) পরিবারকে গতকাল পাঁচ হাজার টাকা সাহায্য দিয়েছেন জেলা প্রশাসক হেলালুদ্দীন আহমদ।অন্য দিকে চরভদ্রাসন ও সদরপুর উপজেলার বন্যা ও ভাঙনকবলিত এক হাজার ১৪২ পরিবারকে গতকাল ২০ কেজি করে চাল দিয়েছে প্রশাসন। সদরের নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম জানান, বন্যায় তাঁর ইউনিয়নের দুই হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু জেলা প্রশাসনের পক্ষ থেকে মাত্র ৭০০ পরিবারকে সাহায্য দেওয়ার জন্য নাম লিপিবদ্ধ করা হয়েছে।কালকিনি (মাদারীপুর): আড়িয়াল খাঁ নদীর ভাঙনে গত দুই দিনে উপজেলার এনায়েত নগর ইউনিয়নের আলীপুর গ্রামের ১৮টি বসতবাড়ি বিলীন হয়েছে। এ ছাড়া সিডিখান ইউনিয়নের মাথাভাঙা গ্রামের আরও ১০টি বাড়ি আড়িয়াল খাঁর ভাঙনে বিলীন হয়ে গেছে। গত এক সপ্তাহে রোপা আমন, বীজতলা ও শাকসবজির খেতসহ প্রায় ২০০ হেক্টর জমি নদীতে ভেঙে গেছে। ভাঙনকবলিত পরিবারের লোকজন আলীপুর বেড়িবাঁধে আশ্রয় নিয়ে মানবেতর জীবনযাপন করছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, আজ রোববার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নিয়ে ভাঙনকবলিত এলাকায় গিয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা তৈরি করবেন। সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ পয়েন্টে গতকাল যমুনা নদীর পানি ছয় সেন্টিমিটার কমে বিপৎসীমার ৩১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ ছাড়া জেলার করতোয়া, বড়াল, হুড়াসাগর, ফুলঝোর, গোহালা নদীর পানি স্থিতাবস্থায় থাকায় শাহজাদপুর, চৌহালী, তাড়াশ উপজেলাসহ চলনবিল অঞ্চলের বিভিন্ন গ্রামের বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এ দিকে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস গতকাল বন্যাকবলিত চৌহালী উপজেলার ওমরপুর ইউনিয়নের ১০টি গ্রামের বন্যার্ত মানুষের মধ্যে সরকারিভাবে তিন টন চাল ও ৩০ হাজার টাকা এবং ব্যক্তিগত উদ্যোগে এক লাখ টাকা বিতরণ করেন। একই সময়ে তিনি বাউসাবাড়ী গ্রামে বন্যার্ত জনগণকে নিয়ে সংক্ষিপ্ত সভা করেন।