বন্যার কারণে ধুনটে ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষা স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনট উপজেলায় বন্যার কারণে ২০৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দ্বিতীয় সাময়িক পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়েছে। উপজেলা শিক্ষা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, বন্যার জন্য বিদ্যালয়ের সব পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। আজ বুধবার থেকে এসব বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ধুনট উপজেলায় মোট ২০৩টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে পুকুরিয়া, কৈয়াগাড়ি, শিমুলবাড়ি, রাধানগর, বৈশাখী, আটাচর, শাহড়াবাড়িসহ ১১টি বিদ্যালয় ভবন বন্যার পানিতে তলিয়ে গেছে। গত ২৫ জুলাই থেকে ওই সব বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ করা হয়। আজ সকাল ১০টা থেকে উপজেলার সব কটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের একযোগে দ্বিতীয় সাময়িক পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কামরুল হাসান বলেন, ২৫ জুলাই থেকে বন্যাদুর্গত এলাকার ১১টি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়। বিদ্যালয় ভবনগুলো এখনো পানিতে তলিয়ে আছে। এ কারণে অন্যান্য প্রাথমিক বিদ্যালয়ের পরীক্ষাও সাময়িক ভাবে স্থগিত ঘোষণা করা হয়েছে। বন্যার পানি চলে গেলে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে।