বন্যার কারণে ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আত্রাইয়ে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যার কারণে নওগাঁর আত্রাই উপজেলার ৩০ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে। নওগাঁর ছোট যমুনা নদীর বেড়িবাঁধ ও আত্রাই-নওগাঁ সড়ক ভেঙে বাড়িঘরসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ঢুকে যাওয়ায় সেগুলো বন্ধ ঘোষণা করা হয়েছে।
বন্যার পানিতে উপজেলার আটটি ইউনিয়ন প্লাবিত হওয়ায় এসব এলাকায় যান চলাচলও বন্ধ হয়ে গেছে।
আত্রাই উপজেলা শিক্ষা কর্মকর্তা সাফিয়া আখতার বলেন, উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি ঘটায় এবং বিদ্যালয়গুলোতে পানি ঢুকে যাওয়ায় ২০ সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্র জানায়, উপজেলার আটটি মাধ্যমিক স্কুল ও মাদ্রাসা বন্যার কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে। এ ছাড়া উপজেলার তারাটিয়া মাস্টার মাইন্ড বি এম কলেজ ও শাহাগোলা দারুস সুন্নাহ কওমি মাদ্রাসার শিক্ষা কার্যক্রমও বন্ধ রাখা হয়েছে।