বন্যার ক্ষতি কমাতে 'ভাসমান' বীজতলা

বন্যার পানি এখনো নামেনি। এদিকে রোপা আমন ধানের বীজতলা তৈরির সময়ও শুরু হয়ে গেছে। এই অবস্থায় কৃষি বিভাগের সহযোগিতায় মৌলভীবাজারের বন্যাপ্লাবিত উপজেলায় কৃষকেরা কলাগাছের ভেলায় রোপা আমনের ‘ভাসমান’ বীজতলা করেছেন।
কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলায় এই ভাসমান বীজতলা তৈরি করা হচ্ছে। গত রবি ও সোমবার তিন উপজেলার কয়েকটি এলাকা ঘুরে দেখা গেছে, নিচু এলাকা থেকে বন্যার পানি না নামায় বীজতলার জন্য কলাগাছ দিয়ে ১০ মিটারের ভেলা বানানো হয়েছে। এর প্রস্থ দেড় মিটার। কচুরিপানা বিছিয়ে ভেলার ওপর কাদামাটি ছড়িয়ে দেওয়া হয়েছে। এরপর বীজ ফেলা হবে।
জুড়ীর উত্তর ভবানীপুর গ্রামের কৃষক এখলাছ মিয়া বলেন, ‘দেড়-দুই মাস ধরি জমিনো পানি। কৃষি অফিস থাকি দুই কেজি বীজ পাইছি। স্যারে কইছইন ভেলাত বীজতলা করতাম।’
জুড়ীর কৃষি কর্মকর্তা দেবল সরকার বলেন, একেকটি ভাসমান বীজতলায় এক কেজি অঙ্কুরিত বীজ ছিটানো যায়। তাতে যে চারা জন্মাবে, তা এক বিঘা জমিতে রোপণ করা সম্ভব। জুলাই মাসের মাঝামাঝি থেকে বীজতলা তৈরির মৌসুম শুরু হয়ে গেছে। আর আগস্টের প্রথম সপ্তাহ থেকে রোপা আমনের চারা রোপণ করা হয়। কিন্তু নিচু এলাকার জন্য এবার বিআর-২২ জাতের রোপা আমনের বীজতলা তৈরি করা হচ্ছে। এটি বিলম্ব জাতের। আগস্ট মাসের শেষ দিকে এই জাতের ধানের চারা রোপণ করা যাবে।
সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, এবার কুলাউড়ায় ১৯ হাজার হেক্টর, জুড়ীতে ৮ হাজার ৪৬০ হেক্টর এবং বড়লেখায় ৮ হাজার ১৫০ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মার্চ মাসের শেষ দিকে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে তিন উপজেলায় হাকালুকি হাওরের বোরো ধান তলিয়ে নষ্ট হয়ে যায়। পরে আরও দুই দফা টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে এসব এলাকায় বন্যা হয়। এতে কিছু আউশ ধানও নষ্ট হয়ে যায়।
জুলাই মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে কিছু এলাকা থেকে পানি নামতে শুরু করে। তবে তিন উপজেলার নিচু এলাকা থেকে এখনো পানি নামেনি। ১৭ জুলাই থেকে বিভিন্ন উঁচু এলাকায় রোপা আমনের বীজতলা তৈরি শুরু হয়ে গেছে। নিচু এলাকায় পানি নামার পর যাতে দ্রুত চারা রোপণ করা সম্ভব হয়, সে জন্য ভাসমান বীজতলা তৈরির পরিকল্পনা নেন কৃষি কর্মকর্তারা। তবে নিম্নাঞ্চল থেকে পানি না নামলে ‘ভাসমান বীজতলা’ তৈরি কোনো কাজে আসবে না।
বড়লেখার মুর্শিবাদকুরা গ্রামের আঞ্জব আলী বললেন, ‘সাত কিয়ারো (বিঘা) বরুয়া (বোরো) করছিলাম। সব পানিয়ে খাইয়া গেছে। লসর (ক্ষতি) শেষ নাই। আকাশো মেঘ দেখলে ডর লাগে। এরপরও ভেলাত আমনোর বীজতলা করছি।’
কুলাউড়ার নাছনি গ্রামের কৃষক আবদুর রশীদ বলেন, একেক বিঘা জমিতে ধান রোপণ থেকে শুরু করে কাটা পর্যন্ত সাড়ে তিন থেকে চার হাজার টাকা ব্যয় হয়। কয়েক দিন পর পর বৃষ্টি হচ্ছে। পানি যতটুকু নামে, বৃষ্টিতে ততটুকুই আবার বেড়ে যায়।
বড়লেখার কৃষি কর্মকর্তা কতুব উদ্দিন বলেন, উপজেলার দক্ষিণভাগ, বর্ণি ও দাসেরবাজার ইউনিয়নের নিচু জমি থেকে পানি না নামায় সেখানে রোপা আমনের ভাসমান বীজতলা করা হয়েছে।
কুলাউড়ার উপজেলা কৃষি কর্মকর্তা জগলুল হায়দার গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, পানি কমতে শুরু করছে। পানি নেমে গেলেই ভাসমান বীজতলা থেকে চারা তুলে তা রোপণ করা যাবে।