বন্যার ক্ষতি পোষাতে কৃষি বিভাগের পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীতে চলতি বছরের বন্যা ও জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে উচ্চফলনশীল সরিষা, মসুর, শাকসবজি ও বিরি-৫৫ জাতের ধান চাষের পরামর্শ দেওয়া হয়েছে।
গতকাল মঙ্গলবার ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের ওমরপুর গ্রামে সুলতানা মেমোরিয়াল বালিকা বিদ্যালয় মিলনায়তনে কৃষি কর্মকর্তারা এই পরামর্শ দেন। বন্যার ক্ষতি পুষিয়ে নেওয়ার উপায় নিয়ে কৃষকদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
জহুর ফাউন্ডেশনের আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন ফার্মার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কোব্বাদ আহম্মদ। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আলী আহম্মদ। বিশেষ অতিথি ছিলেন কৃষি বীজ উৎপাদন ও উন্নয়ন বিভাগের উপপরিচালক মোহাম্মদ রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা হুজ্জাতুল ইসলাম, ফেনী হর্টিকালচার সেন্টারের উপসহকারী পরিচালক কাজী আবু হেনা মেহেদী, জায়লস্কর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মামুনুর রশিদ। সভা সঞ্চালনা করেন জহুর ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বখতেয়ার ইসলাম।
সভায় স্থানীয় ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষক বলেন, ছোট ফেনী নদীর পানি প্রবাহের ধীরগতির কারণে এখনো অনেক মাঠ পানিতে তলিয়ে আছে। এ কারণে তাঁরা রবিশস্য ও শাকসবজি চাষের সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।
মতবিনিময় সভায় ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ ইউনিয়নের কৃষকদের বিনা মূল্যে বীজ সরবরাহের ঘোষণা দেন। অনুষ্ঠানে প্রায় ৫০০ জন কৃষক উপস্থিত ছিলেন।
গত জুলাইয়ে অতিবর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে ফেনী, নোয়াখালী ও কুমিল্লার বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। বন্যায় জায়লস্কর ইউনিয়নের ১ হাজার ৬৫০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়।