বন্যার ছবি তুলতে গিয়ে পানিতে ডুবে ছাত্রের মৃত্যু
জামালপুরের মেলান্দহ-মহিষবাথান সড়কের নইলেরঘাট এলাকায় স্রোতের তোড়ে ভেসে যাওয়া নিখোঁজ ছাত্রের লাশ গতকাল শনিবার উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার বিকেলে বন্যার ছবি তুলতে গিয়ে ওই ছাত্র নিখোঁজ হয়।
নিহত ছাত্রের নাম মমিনুল ইসলাম ওরফে রাব্বি (১৭)। সে জামালপুর পৌর শহরের খামারবাড়ী এলাকার বাসিন্দা আবদুর রহিমের ছেলে। সে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটের দ্বিতীয় বর্ষে পড়ত।
থানা-পুলিশ ও পরিবারের সদস্যরা বলেন, শুক্রবার বিকেলের দিকে আবদুর রহিম তাঁর ছেলে মমিনুল, স্ত্রী কণিকা বেগম (৩৮) ও তাঁর শ্যালিকা আনিকা আক্তারকে (৩৭) নিয়ে ওই উপজেলার নাংলা ইউনিয়নের নইলেরঘাটে বন্যার পানি নামানোর সড়ক (ডাইভারশন) দেখতে যান। ডাইভারশনে দাঁড়িয়ে কলেজছাত্র মমিনুল তার মুঠোফোনে বন্যার দৃশ্য ধারণ করছিল। এ সময় প্রবল স্রোতে সে ভেসে যায়। মমিনুল সাঁতার জানত না। তাকে বাঁচাতে তার মা কণিকা বেগম ও খালা আনিকা আক্তার পানিতে ঝাঁপ দিলে তাঁরাও স্রোতের তোড়ে ভেসে ডুবে যান।