বন্যার পর ঘরে ফিরেই সাপের আতঙ্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করতোয়া নদীর বাঁধ ভেঙে যাওয়ায় এক রাতের মধ্যে ঘর ছাড়তে হয়েছিল বগুড়ার শিবগঞ্জ উপজেলার মিল্কীপুর গ্রামের প্রায় চার হাজার বাসিন্দাকে। প্রায় ১০ দিন আশ্রয়কেন্দ্র আর আত্মীয়স্বজনের বাড়িতে কাটিয়ে ২৪ আগস্ট তাঁরা আবার বাড়ি ফিরেছেন। কিন্তু ফিরে দেখেন সমস্যার মধ্যে বড় হয়ে দেখা দিয়েছে সাপের আতঙ্ক।

গত রোববার বন্যাকবলিত ওই গ্রামে গিয়ে মানুষের সঙ্গে কথা বলে জানা যায়, গ্রামের মানুষ বলতে গেলে এখন সাপের ভয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন। বিষধর অনেক সাপ করতোয়া নদী দিয়ে এখানে ঢুকে পড়েছে। এর মধ্যে ঢোঁড়া ও গোখরো সাপ বেশি। বন্যার পানিতে ভেসে আসা গাছ, খড়কুটোর ওপরে বেশ কিছু সাপ দেখা গেছে। সাপের ভয়ে অনেকে গ্রামের পাশের নদী ও জলাবদ্ধ জমিতে মাছ ধরতে সাহস পাচ্ছেন না।

মিল্কীপুর গ্রামের তোজাম উদ্দিন বলেন, ‘প্রতিনিয়ত সাপের আতঙ্কে সন্তানদের নিয়ে রাত-দিন পার করছি। ঘরে এসে সাপ কোথাও ডিম পেড়ে বংশবিস্তার করছে কি না, এই আতঙ্কে আছি। সাপের দংশন এড়াতে কী করণীয়, সেটাও তো ঠিকমতো জানি না।’

গ্রামের গৃহবধূ আনোয়ারা বিবি বলেন, ‘আশ্রয়কেন্দ্রে থাকার পর কয়েক দিন হলো বাড়ি ফিরেছি। কিন্তু এখন সাপের ভয়ে ঠিকভাবে ঘুমও আসে না। আমি নিজে দুইটা সাপ মেরেছি।’

গ্রামের মছির উদ্দিন বলেন, ‘পানিতে ভেসে এসব সাপ জনবসতিতেও ঢুকে পড়েছে। লোকালয়ে এসে সাপ কোথাও ডিম ফোটাচ্ছে কি না, সেই চিন্তায় আমরা অস্থির। প্রচুরসংখ্যক ঢোঁড়া ও গোখরো সাপ লোকালয়ে বিচরণ করছে।’

গ্রামের শাহাবুল আলম বলেন, ‘পানি নেমে যাওয়ার পর গ্রামের মানুষের এখন অনেক সমস্যা। তবে প্রধান সমস্যা হয়ে দেখা দিয়েছে সাপের আতঙ্ক। আমি এ পর্যন্ত ১২টি সাপ মারতে দেখেছি।’

শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) দেলোয়ার হোসেন বলেন, সাপের উপদ্রব থেকে বাঁচতে সবার আগে প্রয়োজন জনগণের সচেতনতা। ঘরে কার্বলিক অ্যাসিড ছিটিয়ে রাখলে সাপের উপদ্রব থেকে রক্ষা পাওয়া যায়। তবে তাদের কাছে এই মুহূর্তে কার্বলিক অ্যাসিড মজুত নেই। এর বিকল্প হিসেবে লাল রঙের লাইফবয় সাবান টুকরো টুকরো করে কেটে ঘরের চারদিকে ছিটিয়ে দেওয়া যেতে পারে। আর সাপে কাটলে কাটার ওপরে দুটি মাঝারি শক্তভাবে বাঁধন দিয়ে রোগীকে সরাসরি হাসপাতালে নিয়ে আসতে হবে।

এ ছাড়া অচিরেই এ ব্যাপারে সচেতনতা গড়ে তুলতে বন্যাকবলিত এলাকায় পোস্টার সাঁটানো হবে। তিনি আরও বলেন, সাপের কারণে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে জরুরি চিকিৎসার জন্য উপজেলা হাসপাতাল সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। তবে কাউকে বিষধর সাপ কামড় দিলে তাকে দ্রুত বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।