বন্যার পর চরাঞ্চলে খাদ্যাভাব
কুড়িগ্রাম সদর উপজেলার পাঁচগাছি ইউনিয়নের ঘনশ্যামপুর গ্রামের গণি মণ্ডল (৮০)। একটা বাঁশ নিয়ে যাত্রাপুর হাটে যাচ্ছিলেন বিক্রি করতে। কোথায় যাচ্ছেন—প্রশ্ন করতেই তিনি বলেন, ‘গ্রামের কাচুয়ার কাছে টাকা কর্জ করতে গেছিলাম। টাকার বদলে একনা বাঁশ দিছে। বলছে বাঁশ বিক্রি করে কী করেন করো যায়া। এই বাঁশ বিক্রি করি চাউল কিনম। কোনো কাম নাই। সবাই এখন বাড়ির গাছগাছড়া, গরু, হাঁস-মুরগি বিক্রি করি চলছে।’খোঁজ নিয়ে জানা গেছে, বন্যার পানি নেমে যাওয়ার পর এখন কুড়িগ্রামের বিস্তীর্ণ চরাঞ্চলের মানুষের চোখে-মুখে দুশ্চিন্তার ছাপ। তাঁদের খেতের সব ফসল পচে গেছে, মাঠের পর মাঠ ধু ধু করছে। হাতে কাজ নেই, টাকা-পয়সাও নেই। নতুন করে ফসল ফলাবে তার কোনো উপায় নেই। অনেকে চড়া সুদে টাকা নিয়ে সংসার চালাচ্ছেন। অর্থাৎ ১০০ টাকায় মাসে ২০ টাকা সুদ দিয়েও ঋণ নিচ্ছেন। ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, এখন মানুষের একমাত্র কাজ মাছ ধরা। যেখানেই বিল, পুকুর, ডোবা, নালা ও নদী আছে সেখানেই শত শত মানুষ মাছ ধরছে। উলিপুরের মোল্লার হাটের পাশেই একটি বিলে মঙ্গলবার শতাধিক মানুষকে মাছ ধরতে দেখা যায়। এ সময় দিনমজুর মনছের (৩২) বলেন, ‘কাম নাই তাই মাছ মারতাছি। যা পাই বেইচা চাউল নিমু। বাইরে কামে জামু হুনলাম, হেইহানেও কাম নাই।’ ধরলা নদীর পূর্ব পাশে নওয়াবশ গ্রামে সড়কের পাশে বসে দুই কৃষক মঙ্গা শেখ ও সিরাজুল ইসলাম কথা বলছিলেন। কাছে গিয়ে জানতে চাইলে মঙ্গা শেখ সামনের বিস্তীর্ণ এলাকার নষ্ট হওয়া ধানের জমি দেখিয়ে বলেন, ‘কৃষকের একমাত্র সম্বল ধান বন্যায় শ্যাষ হয়্যা গেইছে। কোথাও কাজ নাই। ছাওয়া-পাওয়া নিয়া কেমন করি চলম তাই নিয়া ভাবনা-চিন্তা করছি।’ সিরাজুল ইসলাম বলেন, ‘এসব নিচু জমির পানি নামতে আরও এক সপ্তাহ লাগবে। সরিষা-আলু লাগানো যাবে। খাবার ট্যাকা নাই, বীজ কিনব কী দিয়া। তাই ভাবছি জমি বন্দক দিয়া কয়েক মাস চলা নাগবে। কাজের জন্য জেলার বাইরে যাম। এ ছাড়া কোনো উপাই নাই।’ যাত্রাপুর যাওয়ার পথে ঘনশ্যামপুর এলাকায় সড়কের দুই পাশে জমিতে এখনো পানি জমে আছে। তবে পানি কমে যাওয়ায় ধানগাছের পাতা বের হয়েছে। দীর্ঘদিন পানিতে থাকায় পচে গেছে। এখানে সড়কের পাশে দুই নাতনিকে নিয়ে বাঁশের পাতা পাড়ছেন আলেয়া বিবি (৬৫)। তিনি বলেন, ‘একনা গরু পুশি। ঘাস নাই। তাই বাঁশের পাতা পারবার নাকছি। দেখেন না, বানে সউগ শ্যাষ করি দিছে।’ পাঁচগাছি ছত্রপুর গ্রামের কৃষক ইউসুফ মণ্ডল (৯৮) বলেন, ‘পর পর তিন তিনবার বান আসি ফসল শ্যাষ করি দিছে। কয়েক দিন পর চাষাবাদ শুরু হইবে, জমি চাষ, সার, বীজ কেনা ও কামলার দাম জোগাড় করতে জমি বিক্রি করা ছাড়া উপায় নাই বাহে।’ব্রহ্মপুত্র নদের তীর রক্ষা বাঁধের ওপর দিয়ে উলিপুরের বেগমগঞ্জ ইউনিয়নে যাওয়ার পথে দেখা হয় একটি বেসরকারি সংস্থার তিনজন কর্মীর সঙ্গে। এঁদের দুজন রোখসানা ও আয়শা স্বাস্থ্য নিয়ে এবং আতিক ঋণ নিয়ে কাজ করেন। রোখসানা বলেন, ‘আমি বেগমগঞ্জের পোড়ারচরে কাজ করি। মানুষ এখন স্বাস্থ্যসেবা চায় না। খাদ্য চায়। চরে না গেলে বোঝা যাবে না, মানুষ কী কষ্টে পড়েছে।’ তাঁর কথা কেড়ে নিয়ে আয়শা বলেন, ‘চরের মানুষের ভেতরটা ভেঙে গেছে। তাদের কষ্ট কেউ বুঝবে না।’বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, ‘চরের মানুষের অবস্থা বর্ণনাতীত। আবাদ ধ্বংস হয়ে গেছে। সরকার ব্যবস্থা না নিলে এলাকায় মঙ্গা অবধারিত।’ পাঁচগাছি ইউপির চেয়ারম্যান আমির হোসেন বলেন, ‘ইতিমধ্যে এলাকায় অভাব দেখা দিয়েছে। ফজরের নামাজ পড়ে বাড়ির গেট খুলে দেখা যায়, মানুষ সাহায্যের জন্য বসে আছে। কিছুদিন আগে এ অবস্থা ছিল না।’কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক প্রতীপ কুমার মণ্ডল বলেন, সরকার কৃষকদের পুনর্বাসনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে।