বন্যার পর ধুনটে ৭০ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কিছুদিন আগে হওয়া আকস্মিক বন্যায় ৭০টি শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার পানিতে আসবাব ও শিক্ষা উপকরণ নষ্ট হয়ে যাওয়ায় এসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান এখনো বন্ধ আছে। এতে শিক্ষার্থীরা এসএসসি,’ জেএসসি ও সমমানের পরীক্ষায় প্রস্তুতি নিতে পারছে না।স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২২ সেপ্টেম্বর রাতে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশায় যমুনা নদীর বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যায়। এতে উপজেলার শতাধিক গ্রাম প্লাবিত হয়। বন্যার পানিতে উপজেলার চিকাশী টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, চিকাশী প্রাথমিক বিদ্যালয়, জোড়শিমুল উচ্চবিদ্যালয়, জোড়শিমুল প্রাথমিক বিদ্যালয়, সরুগ্রাম বহুমুখী উচ্চবিদ্যালয়, বৈশাখী প্রাথমিক বিদ্যালয়, সোনারগাঁ উচ্চবিদ্যালয়, ভান্ডারবাড়ী সালেহা জহুরা উচ্চবিদ্যালয়, খাটিয়ামারী মেহেরুননেছা, চিথুলিয়া বালিকা ও নাটাবাড়ী দাখিল মাদ্রাসাসহ ৭০ শিক্ষাপ্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। এসব প্রতিষ্ঠানের শিক্ষা উপকরণ, আসবাব ও অবকাঠামো নষ্ট হয়েছে। পানি কমে গেলেও এসব প্রতিষ্ঠানে পাঠদানের পরিবেশ নেই।খাটিয়ামারী মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থী নাহিদা খাতুন বলে, ‘বসতঘরে বন্যার পানি ঢুকে পড়ায় কয়েক দিন ধরে পরিবারের সদস্যদের সঙ্গে রাস্তার পাশে ছাপড়া ঘর তুলে সেখানে বাস করছি। মাদ্রাসায় যাওয়ার পরিবেশ নেই। এ জন্য লেখাপড়ার ক্ষতি হচ্ছে।’ওই মাদ্রাসার সুপার আবদুল মজিদ বলেন, গত ২৩ সেপ্টেম্বর থেকে মাদ্রাসা বন্ধ রাখা হয়েছে। পানি নেমে গেলেও শ্রেণীকক্ষগুলোর মধ্যে পলির স্তর জমে আছে। এ অবস্থায় পাঠদান সম্ভব নয়। ১৩ অক্টোবর থেকে নির্বাচনী পরীক্ষার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক শিক্ষার্থীর বাড়িতে এখনো পানি আছে। আবার আশ্রয়কেন্দ্র এবং খোলা আকাশের নিচে রয়েছে অনেক শিক্ষার্থী। তাই তারা বই পড়ার সময় পাচ্ছে না।উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলো পরিদর্শন করেছি। অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার্তরা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করায় কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান করার পরিবেশ সৃষ্টি হয়নি। জরুরিভিত্তিতে সংস্কার কাজ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদান শুরু করা হবে।’