বন্যার পর রোগবালাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার সারিয়াকান্দির রোহদহ এলাকায় বন্যার পানি কমেছে। তবে বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ। সেই রোগে আক্রান্ত স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নুরজাহান খাতুনের মাথায় পানি ঢালছেন এক স্বজন। গতকাল বেলা ১১টার দিকে চন্দনবাইশা বাঁধ এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
বগুড়ার সারিয়াকান্দির রোহদহ এলাকায় বন্যার পানি কমেছে। তবে বেড়েছে পানিবাহিত রোগের প্রকোপ। সেই রোগে আক্রান্ত স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী নুরজাহান খাতুনের মাথায় পানি ঢালছেন এক স্বজন। গতকাল বেলা ১১টার দিকে চন্দনবাইশা বাঁধ এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বন্যাদুর্গত এলাকার আশ্রয়কেন্দ্রগুলোতে ডায়রিয়া-আমাশয়, জ্বর-সর্দি ও চর্মরোগের মতো পানিবাহিত নানা রোগ ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। দুর্গত এলাকার শত শত মানুষ ভাইরাসজনিত নানা রোগেও আক্রান্ত হচ্ছে। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশুরা।
গতকাল রোববার সারিয়াকান্দির যমুনাতীরবর্তী বন্যানিয়ন্ত্রণ বাঁধের চন্দনবাইশা, ঘুঘুমারি, বয়রাকান্দি ও কড়িতলা এবং রোহদহ সড়কের কয়েকটি আশ্রয়কেন্দ্র ঘুরে পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ার চিত্র দেখা গেছে। বেশ কিছু আশ্রয় শিবিরে অসুস্থ শিশুদের নিয়ে ছোটাছুটি করতে দেখা গেছে স্বজনদের।
বেলা ১১টার দিকে সারিয়াকান্দি উপজেলার চন্দনবাইশা-ঘুঘুমারি বাঁধের একটি আশ্রয় শিবিরে জ্বরে বেহুঁশ থানার মাঠ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী নুরজাহান আকতার ওরফে সোহাগীকে (১০) নিয়ে ব্যস্ত দেখা গেল বাবা বাবলু প্রামাণিক ও মা আরেফা বেগমকে।
আরেফা বলেন, ‘এক মাস ধরে বসতবাড়ি পানির নিচে। ছোট ছোট শিশু নিয়ে বাঁধের উপর উঠেছি। খাবার পানি নাই। প্রথম দিকে বানের পানি খেতে হয়েছে। এক সপ্তাহ ধরে ছোট মেয়েটা অসুস্থ। গায়ে প্রচণ্ড জ্বর। রাত থেকে বেহুঁশ। মাথাত পানি দিচ্ছি। হুঁশ হচ্ছে না। চারদিকে পানি। মেয়েটাকে হাসপাতালে নিতে পারছি না।’
সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রত্যয় হাসান বলেন, দুর্গত এলাকায় চিকিৎসক দল কাজ করছে। বিশুদ্ধ পানি সরবরাহ নিশ্চিত করতে ৫০টি নলকূপ পুনঃস্থাপন এবং নতুন করে আরও ২৩টি স্থাপন করা হয়েছে। ঘণ্টায় দুই হাজার লিটার পানি বিশুদ্ধকরণের দুটি মেশিন বসানো হয়েছে।
বগুড়ার সিভিল সার্জন শাহাদৎ হোসেন বলেন, দুর্গত এলাকায় এই মুহূর্তে বিশুদ্ধ পানির সংকট রয়েছে। এ কারণেই পানিবাহিত নানা রোগবালাই ছড়িয়ে পড়ছে। তবে দুর্গত এলাকায় দুটি চিকিৎসাকেন্দ্র খোলা হয়েছে। দুর্গতদের চিকিৎসাসেবায় ১২টি চিকিৎসক দল গঠন করা হয়েছে। সব মিলিয়ে দুর্গত এলাকায় ১৪টি চিকিৎসক দল কাজ করছে। চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি এসব দল বিনা মূল্যে প্রয়োজনীয় ওষুধও বিতরণ করছে। সব মিলিয়ে পরিস্থিতি স্বাস্থ্য বিভাগের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে।
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও বক্ষব্যাধি বিভাগের সহকারী অধ্যাপক দেবাশীষ কুমার গুপ্ত বলেন, বন্যাদুর্গত এলাকায় পানি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া, টাইফয়েড, কলেরার মতো পানিবাহিত রোগের প্রাদুর্ভাব দেখা দিতে পারে। এ ক্ষেত্রে বিশুদ্ধ পানির সংকট থাকলে বন্যার পানি ফুটিয়ে পান করতে হবে।