বন্যার পানি আর দুর্গতদের চোখের পানি এক হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাতক্ষীরার তালা উপজেলায় বন্যার পানি আর দুর্গত মানুষের চোখের পানি একাকার হয়ে গেছে। ঢাকায় বসে যা শুনেছি, এখানকার পরিস্থিতি তার চেয়ে ভয়াবহ। এই পরিস্থিতি উত্তরণের জন্য সব ধরনের পদক্ষেপ জরুরিভাবে নেওয়া হবে। কোনো মানুষ অভুক্ত থাকবে না।উপজেলার দলুয়া শহীদ জিয়াউর রহমান কলেজ চত্বরে এক আলোচনা সভায় খাদ্য ও দুর্যোগ-ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক গত সোমবার এসব কথা বলেন।সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নূরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির সভাপতি সাংসদ রাশেদ খান মেনন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ প্রকৌশলী শেখ মুজিবুর রহমান, জেলা প্রশাসক আবদুস সামাদ, পুলিশ সুপার হাবিবুর রহমান খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম প্রমুখ।আবদুর রাজ্জাক বলেন, এ অঞ্চলের কৃষকসহ সাধারণ মানুষকে বাঁচাতে ও জলাবদ্ধতা নিরসনে সব ইজারা বাতিল করা হবে। আগামী এক সপ্তাহের মধ্যে জেলা প্রশাসনকে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে তিনি নদী ও খালের ওপর সব ধরনের নেট জাল ও পাটা অপসারণের নির্দেশ দেন। তিনি বলেন, দ্রুততম সময়ের মধ্যে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। নদী খননের জন্য ইতিমধ্যে ড্রেজার ও স্কেবেটর মেশিনের ব্যবস্থা করা হয়েছে। নদী খননের জন্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ওপর নির্ভর করা হবে না। আইলার বাঁধ মেরামতের মতো সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন করা হবে। এ এলাকায় ভিজিএফ কার্ড যে পরিমাণ আছে, তা ঈদের আগেই দ্বিগুণ করা হবে। ঈদের পর চালু করা হবে ফেয়ার প্রাইস ও ওএমএস কার্যক্রম।রাশেদ খান মেনন বলেন, এ অঞ্চলের মানুষের দুর্দশায় পাশে দাঁড়ানোর জন্য তিনি বারবার এসেছেন। উজানের ও অতিবৃষ্টির পানি নিষ্কাশনের কোনো পথ না থাকায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। এরপর বেলা তিনটার দিকে উপজেলা সদরের ডাকবাংলো চত্বরে অপর এক সভায় মন্ত্রী একই ধরনের কথা বলেন। এই সভায়ও শেখ নূরুল ইসলাম সভাপতিত্ব করেন। মন্ত্রী দলুয়া ও তালা ডাকবাংলো চত্বরে বানভাসি মানুষদের মধ্যে ত্রাণ বিতরণ করেন। এর আগে খাদ্যমন্ত্রী আবদুর রাজ্জাক বেলা সাড়ে ১১টার দিকে সাতক্ষীরা থেকে তালার দলুয়ায় যাওয়ার পথে সাতক্ষীরা-খুলনা সড়কের তালতলা, বেনেরপোতা ও নগরঘাটা এলাকায় বানভাসি মানুষ তাঁর গাড়ি থামাতে বাধ্য করেন। তাঁরা মন্ত্রীর কাছে ১৫ দিনেও সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগ করেন ও দ্রুত পানি নিষ্কাশনের দাবি জানান। এ সময় মন্ত্রী দ্রুত পানি নিষ্কাশনের পাশাপাশি ঈদের আগেই ত্রাণ তৎপরতাও বাড়ানোর আশ্বাস দেন।