বন্যার পানি কমেছে, বাড়ছে দুর্ভোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টানা বর্ষণ ও বন্যায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় লোকজনের ভোগান্তি অব্যাহত রয়েছে। এর মধ্যে কক্সবাজার, নোয়াখালী ও ফেনীতে বন্যার পানি ধীরে ধীরে কমে এলেও দুর্ভোগ বাড়ছে। ভারী বর্ষণের কারণে জেলার মহেশখালী উপজেলা ও চট্টগ্রামের পটিয়া উপজেলায় আমন ধানের শত শত হেক্টর বীজতলা নষ্ট হয়ে গেছে।

এদিকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একটি আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া এক শিশুর মৃত্যু হয়েছে। ঢাকার বাইরে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:

পটিয়া(চট্টগ্রাম): টানা বর্ষণ ও বন্যায় পটিয়ার সাড়ে পাঁচ শ হেক্টর আমনের বীজতলা নষ্ট হয়েছে। অধিকাংশ বীজতলা এখনো পানিতে ডুবে আছে। এতে আমনের লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার আশঙ্কা করা হচ্ছে।

উপজেলা কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলার ২২ ইউনিয়নে ১৩ হাজার ৫০০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ঠিক করা হয়েছে। এসব জমিতে আবাদের জন্য ৭০০ হেক্টর বীজতলা তৈরি করা হয়। কিন্তু টানা বর্ষণ ও বন্যার কারণে ৪০০ হেক্টর আমন বীজতলা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর ১৫০ হেক্টর আংশিক ক্ষতি হয়েছে।

মহেশখালী(কক্সবাজার): ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট জলাবদ্ধতার কারণে মহেশখালীতে ৩৫ হেক্টর আমনের বীজতলা নষ্ট হয়ে গেছে। এতে যথাসময়ে আমন চাষ করতে না পেরে হতাশ হয়ে পড়ছেন স্থানীয় কৃষকেরা।

উপজেলা কৃষি অফিস ও স্থানীয় কৃষক সূত্র জানায়, এবার ৮ হাজার হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। এ জন্য ৫৫০ হেক্টর জমিতে বীজতলা তৈরি করা হয়। কিন্তু মাতারবাড়ী, কালারমারছড়া, হোয়ানক ও শাপলাপুর ইউনিয়নের অধিকাংশ বীজতলা পানিতে ডুবে পচে গেছে। ফলে এবার আমন চাষে লক্ষ্যমাত্রা অর্জিত হবে কি না, সংশয় রয়েছে।

তবে উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ শামসুল আলম দাবি করেন, উপজেলার চার ইউনিয়নের ৩৫ হেক্টর আমনের বীজতলা নষ্ট হলেও আমনের লক্ষ্যমাত্রায় কোনো প্রভাব পড়বে না।

নোয়াখালী: বৃষ্টিপাত বন্ধ থাকায় এবং নদীর পানির চাপ কমে যাওয়ায় নোয়াখালীর বন্যা পরিস্থিতির উন্নতি গতকালও অব্যাহত ছিল। তবে বন্যার পানি নামছে অনেক ধীরগতিতে। জেলার অনেক রাস্তাঘাটই এখনো পানির নিচে।

বন্যার কারণে বেগমগঞ্জ উপজেলার একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। তানজিদ হোসেন (রিহান) নামের শিশুটিকে গতকাল দুপুরে গুরুতর অসুস্থ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর মারা যায়। সে একলাশপুর ইউনিয়নের জয়কৃষ্ণপুর গ্রামের মো. সুমনের ছেলে।

কক্সবাজার: কক্সবাজার সদর, রামু, পেকুয়া, কুতুবদিয়া ও উখিয়া উপজেলায় বন্যার পানি কমছে। কিন্তু পানি নেমে যাওয়ায় ভাঙা সড়ক, খানাখন্দ ভেসে উঠছে। পাঁচটি উপজেলার গৃহহীন অন্তত দেড় লাখ মানুষ খোলা আকাশের নিচে মানবেতর জীবন কাটাচ্ছে।

জেলা প্রশাসনের তথ্যমতে, জেলার আটটি উপজেলার ৭১টি ইউনিয়নের মধ্যে বন্যার পানিতে ডুবে গেছে ৪০টি। ভেঙে গেছে ৪০ হাজারের বেশি ঘরবাড়ি। বিলীন হয়েছে প্রায় ৩০ কিলোমিটার পাকা ও ২৫০ কিলোমিটার কাঁচা সড়ক। বেশি ক্ষতি হয়েছে পেকুয়া, চকরিয়া ও রামু উপজেলায়। এই তিন উপজেলায় আড়াই লাখ মানুষ এখনো পানিবন্দী।

জেলা প্রশাসক মো. আলী হোসেন বলেন, ত্রাণ তৎপরতার পাশাপাশি সরকার ভাঙা বেড়িবাঁধ সংস্কার করে উপকূলের কয়েক লাখ মানুষকে রক্ষার চেষ্টা চলছে। তা ছাড়া গৃহহীন লোকজনকে মাথা গোঁজার ঠাঁই দিতে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কাজ চলছে।

ফেনী: ফেনী সদর ও দাগনভূঞা উপজেলার বন্যা পরিস্থিতির গতকাল আরও কিছুটা উন্নতি হয়েছে। এরপরও গ্রামীণ সড়কগুলো এখনো পানিতে তলিয়ে আছে। হাজারো মানুষ এখনো পানিবন্দী।

দাগনভূঞার ৪০টি প্রাথমিক বিদ্যালয়, ১৩টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা এবং ফেনী সদর উপজেলায় ৬টি প্রাথমিক বিদ্যালয় ও ৩টি মাধ্যমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এ উপজেলায় ৯টি ও ফেনী সদর উপজেলায় ১টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এক হাজার পুকুর ও খামারের মাছ ভেসে গেছে। প্রায় ২০০ কিলোমিটার কাঁচা সড়ক ও ৮০ কিলোমিটার পাকা সড়কের ক্ষতি হয়েছে।

 জেলা প্রশাসক মো. হুমায়ুন কবীর খোন্দকার জানান, দাগনভূঞায় ত্রাণসহায়তা হিসেবে চার কিস্তিতে মোট ৭০ মেট্রিক টন চাল এবং নগদ দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এ ছাড়া ফেনী সদর উপজেলায় ৩০ টন চাল ও নগদ দুই লাখ টাকা ও ফুলগাজী উপজেলায় ১৫ টন চাল ও নগদ এক লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

থানচিতে সেনাবাহিনীর হেলিকপ্টারে ত্রাণ: বান্দরবানের থানচি উপজেলার দুর্গম এলাকায় সেনাবাহিনী হেলিকপ্টারে করে ঘূর্ণিঝড় ‘কোমেন’ ও বন্যায় ক্ষতিগ্রস্ত দরিদ্র আদিবাসীদের জন্য জেলা পরিষদ থেকে দেওয়া দুই টন চাল গতকাল পৌঁছে দেওয়া হয়েছে।

সেনাবাহিনীর বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেড সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মেজর তৌহিদুর রহমান জানান, নৌ ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রেমাক্রি ইউনিয়নের মদক ও ইয়াংরাই এলাকায় এই জরুরি ত্রাণ পৌঁছানো হয়েছে। আজ বুধবার থেকে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় বন্যার্ত ও দরিদ্র মানুষের মধ্যে সেগুলো বিতরণ করা হবে।

এদিকে প্রবল বর্ষণে বান্দরবান-চিম্বুক-থানচি সড়কের বিভিন্ন অংশ ধসে পড়ায় গত ২৬ জুলাই জেলা শহরের সঙ্গে থানচি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।