বন্যার পানি নামলেও লামার জীবনযাত্রা স্বাভাবিক হয়নি
বান্দরবানের লামা উপজেলা শহর থেকে বন্যার পানি সরে গেলেও এখনো স্বাভাবিক অবস্থা ফেরেনি। বন্যায় ক্ষতিগ্রস্ত লোকজন জিনিসপত্র শুকাতে ও ঘরবাড়ি গোছানোর কাজে ব্যস্ত। রাস্তাঘাট, বাজার, অফিস-আদালতের প্রাঙ্গণ কাদায় পরিপূর্ণ।লামা উপজেলা কার্যালয়ের ছাদে, বারান্দায়, আঙিনায় শুকাতে দেওয়া হয়েছে অসংখ্য দলিলপত্র। অনেক লোকজনকে সড়কের পাশেও বইপত্র ও অন্যান্য জিনিসপত্র শুকাতে দেখা গেছে। এ ব্যাপারে উপজেলা কার্যালয়ের ভূমি শাখার কম্পিউটার অপারেটর মুর্শিদ আলম বলেন, অনেক দলিলপত্র কোনোরকমে আধা শুকানো অবস্থায় রেখে দেওয়া হয়েছে। বৃষ্টির কারণে শুকানো যাচ্ছে না।উপজেলা দপ্তর তত্ত্বাবধায়ক মংসাখয় মারমা বলেন, ভূমিবিষয়ক অনেক মূল্যবান দলিল ভিজে নষ্ট হয়ে যাওয়ার মতো হলেও করার কিছু নেই।লামা বিচারিক হাকিমের আদালতের অনেক দলিলপত্র ভিজে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে বলে সংশ্লিষ্ট একজন কর্মচারী জানিয়েছেন। লামা সদরের টিঅ্যান্ডটি পাড়ার সর্দার উজি উল্লাহ মাঝি ও বাজার পাড়ার কার্বারি (পাড়া-প্রধান) মংয়েনু মারমা বলেন, গত ২৬ জুন রাতে ও ২৭ জুন প্রায় দুই দিন পুরো উপজেলা শহর বন্যার পানিতে ডুবে ছিল। আগেও লামা শহরে বন্যা হয়েছিল কিন্তু এবারের মতো আর কখনো হয়নি। এ কারণে সবাই ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের অনেকে বলেছেন, সরকারি ও বেসরকারি বিভিন্ন সংস্থা কিছু চাল বা খাদ্যশস্য ত্রাণ দিয়েছে। কিন্তু যাদের ঘরবাড়ি সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে নির্মাণসামগ্রী কেনার টাকা তাদের হাতে নেই। এ ব্যাপারে বড় নুনারবিল মারমার পাড়ার কার্বারি বলেন, টাকার অভাবে ক্ষতিগ্রস্ত দরিদ্র মানুষ গাছ-বাঁশ কিনতে না পেরে বাড়ি করতে পারছে না।বন্যার পানিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার দোতলা কার্যালয়ের একতলা ডুবে গিয়েছিল। শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল কাদের বলেন, দুই হাজার ছাত্রছাত্রীর বই ভিজে নষ্ট হয়ে গেছে। এ জন্য কাদা পরিষ্কার করে বিদ্যালয়গুলো চালু করা হলেও ছাত্রছাত্রীরা আসতে পারছে না। এ ছাড়া ফাইতং ইউনিয়নে পাহাড়ধসে নিহত ২৪ জনের মধ্যে আটজন ছাত্রছাত্রীও ছিল।