বন্যার পানি বাড়ছে, ত্রাণ অপ্রতুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যমুনা নদীর পানির তোড়ে জামালপুরের ইসলামপুর উপজেলার আমতলী-শিংভাঙা গ্রামের পাকা রাস্তা ভেঙে পানি ঢুকছে। গতকাল দুপুরে আমতলী এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
যমুনা নদীর পানির তোড়ে জামালপুরের ইসলামপুর উপজেলার আমতলী-শিংভাঙা গ্রামের পাকা রাস্তা ভেঙে পানি ঢুকছে। গতকাল দুপুরে আমতলী এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

অবিরাম বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলে জামালপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও বগুড়ার ধুনটে গতকাল শনিবার পর্যন্ত নদ-নদীর পানি বেড়েছে। সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। নীলফামারীতে পরিস্থিতির উন্নতি ঘটলেও ভাঙন অব্যাহত রয়েছে।
বন্যায় এসব এলাকার কয়েক লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে যাচ্ছে ফসলের খেত। দুর্গত বেশির ভাগ এলাকায় সরকারের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়নি। কোনো কোনো এলাকায় ত্রাণ বিতরণ করা হলেও তা অপ্রতুল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
জামালপুর: স্থানীয় বাসিন্দা সূত্র জানায়, গতকাল শনিবার পানি বেড়ে ইসলামপুর উপজেলার চিনাডুলী ইউনিয়নের পশ্চিম বামনা, পূর্ব বামনা, ভেড়ামারী ঘুনাপাড়া, আজমবাদ, গৃলাবাড়ি ও বাধ ভেঙে শিংভাঙা গ্রাম প্লাবিত হয়েছে। বন্যায় এ পর্যন্ত উপজেলার ২১টি গ্রামের ১০ হাজারের বেশি মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
শুক্রবার রাত থেকে গতকাল বিকেল তিনটায় বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
জেলা প্রশাসক শাহাবুদ্দিন খান বলেন, দুই দিন ধরে ইসলামপুরের পাঁচটি ইউনিয়নের বেশ কিছু গ্রামে বন্যার পানি ঢুকছে। দুর্গত এলাকায় দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
কুড়িগ্রাম: গতকাল সন্ধ্যা ছয়টায় ব্রহ্মপুত্রের পানি চিলমারী পয়েন্টে বিপৎসীমার ৫৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। একই সময় ধরলার পানি সেতু পয়েন্টে ৫৩ সেন্টিমিটার ওপর দিয়ে বয়ে যায়।
এলাকাবাসী বলেন, দুর্গত এলাকায় খাদ্য ও বিশুদ্ধ খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। অনেক পরিবার গবাদিপশু নিয়ে উঁচু বাঁধ ও পাকা সড়কে আশ্রয় নিতে শুরু করেছে। এসব এলাকায় পানিবাহিত নানা রোগ ছড়িয়ে পড়ছে। উপজেলার দুই লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।
ফুলবাড়ীতে ধরলার তীরবর্তী সোনাইকাজী রামপ্রসাদ গ্রামে পাউবো নির্মিত ওয়াপদা বাঁধটি ভেঙে বন্যার পানি ঢুকছে। ভূরুঙ্গামারীতে নতুন করে সাতটি গ্রামের কয়েক হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। রৌমারীতে ৫০০ ও রাজীবপুরে ৩০০ পরিবারের ঘরবাড়িতে পানি ঢুকেছে।
এদিকে ফুলবাড়ী, উলিপুর ও ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যার্ত মানুষের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হলেও তা অপ্রতুল বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
গাইবান্ধা: বন্যায় চারটি উপজেলার নদী-তীরবর্তী অন্তত ১৯টি ইউনিয়নের নিচু এলাকা প্লাবিত হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে সাঘাটা উপজেলার হলদিয়া, ঘুড়িদহ, সাঘাটা, জুমারবাড়ি ও ভরতখালী; ফুলছড়ি উপজেলার কঞ্চিপাড়া, গজারিয়া, ফজলুপুর, এরেন্ডাবাড়ি, উড়িয়া ও ফুলছড়ি; সদর উপজেলার কামারজানি, মোল্লারচর ও গিদারি এবং সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া, হরিপুর, চণ্ডীপুর, তারাপুর ও বেলকা। এতে প্রায় ২৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বন্যায় ১ হাজার ৮২৯ হেক্টর জমির পাট, পটোল ও রোপা আমনের বীজতলার ব্যাপক ক্ষতি হয়েছে। ৪৫টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে লেখাপড়া ব্যাহত হচ্ছে।
এদিকে ঘাঘট নদের পানি বাড়ায় সাদুল্যাপুর-লক্ষ্মীপুর বন্যানিয়ন্ত্রণ বাঁধের পুরোনো লক্ষ্মীপুর গ্রামের প্রায় ১০০ ফুট অংশ হুমকির মুখে পড়েছে। গতকাল তিস্তা, ব্রহ্মপুত্র, যমুনা, করতোয়া ও ঘাঘট নদের পানি বৃদ্ধি অব্যাহত ছিল। গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্রের পানি ২৭ সেন্টিমিটার বেড়েছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, বন্যাকবলিত মানুষের জন্য ১০টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।
সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর ও দোয়ারাবাজার উপজেলায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যায় রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় জেলা সদরের সঙ্গে দোয়ারাবাজার ও তাহিরপুর উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। সুরমা নদীর পানি বিপৎসীমার ৬৪ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম জানিয়েছেন, গতকাল বিভিন্ন গ্রামে প্রশাসনের পক্ষ থেকে চাল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। পানি কমছে। পরিস্থিতির উন্নতি হচ্ছে।
নীলফামারী: তিস্তা নদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ভাঙন অব্যাহত আছে। গতকাল ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নে নদীভাঙনের শিকার হয়ে নতুন করে আরও ৫০টি পরিবার গৃহহারা হয়েছে। এ নিয়ে গত প্রায় এক মাসে ইউনিয়নটিতে ৪৬০টি পরিবার গৃহহারা হলো।
এদিকে লালমনিরহাটের দোয়ানীতে অবস্থিত তিস্তা ব্যারাজ পয়েন্টে গতকাল তিস্তা নদীর পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়।
ধুনট (বগুড়া): পাউবো বগুড়ার সহকারী প্রকৌশলী হারুন অর রশিদ বলেন, ধুনট উপজেলায় গতকাল যমুনার পানি বেড়ে শহড়াবাড়ি ঘাট এলাকায় বিপৎসীমার ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। গতকাল বিকেল পাঁচটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১০ সেন্টিমিটার পানি বেড়েছে।