বন্যার পানিতে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলবারাতুল রাহাত
আলবারাতুল রাহাত

শেরপুরে বন্যার পানিতে গোসল করতে নেমে মো. আলবারাতুল রাহাত নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শেরপুর সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ার দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
আলবারাতুল রাহাত (১২) শেরপুর জেলা শহরের বাগরাকসা এলাকার মো. গিয়াস উদ্দিন ও বেগম রোকসানার ছেলে। সে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
পুলিশ, ফায়ার সার্ভিস ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে রাহাত ও তার কয়েক বন্ধু শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়ার দোকান এলাকায় সড়কের ওপর দিয়ে প্রবাহিত বন্যার পানিতে গোসল করতে নামে। এ সময় স্রোতের টানে সে সড়কের পাশের গভীর খাদের পানিতে তলিয়ে যায়। সে সাঁতার জানত না। তবে তাঁর বন্ধুরা নিরাপদে সড়কের ওপর উঠতে সক্ষম হয়। খবর পেয়ে শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাহাতকে উদ্ধারে চেষ্টা করেও ব্যর্থ হন। বিকেল পাঁচটার দিকে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার লাশ উদ্ধার করে।
গতকাল বিকেলে শহরের বাগরাকসা এলাকায় রাহাতের বাড়িতে গিয়ে দেখা যায়, রাহাতের লাশ উদ্ধারের সংবাদ পেয়ে তার বাবা-মা শোকে বারবার মূর্ছা যাচ্ছেন।
রাহাতের মা রোকসানা বলছিলেন, ‘এর আগেও পোড়ার দোকান এলাকায় বন্যার পানিতে ডুইবা অনেকেই মারা গেছে। কিন্তু বাবা আমার কথা শুনল না। পানিতে ডুইবাই ওর মরণ হইল।’
সদর থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। রাহাতের লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।